TMC not in INDIA alliance: অধীরের জন্যই একলা লড়বে তৃণমূল, ভোটের পরে অবস্থা বুঝে ব্যবস্থা – Bengali News | TMC not in INDIA alliance due to Adhir Chowdhury, will go for post poll alliance
নয়া দিল্লি: কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি না করার সিদ্ধান্ত পাকা। বুধবারই ‘একলা চলো’র বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে কোনও সমজোতা নয়, বাংলার ৪২টি আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস। তারপর, কংগ্রেসের পক্ষ থেকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়। জয়রাম রমেশ এমনও বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় ছাড়া ইন্ডিয়া জোটের কথা ভাবাই যায় না। কিন্তু, তারপরও প্রশ্নটা থেকেই যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যাবেন? তৃণমূল সূত্রে অবশ্য জানা গেল, আসন সমঝোতা না করলেও, নির্বাচন পরবর্তী বোঝাপড়ার রাস্তা খোলা রাখবে ঘাসফুল শিবির।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অধীর চৌধুরীর কারণেই রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, নির্বাচন পরবর্তী ক্ষেত্রে জোট গড়ার রাস্তা খোলা থাকবে। তৃণমূলের মূল উদ্দেশ্য বিজেপিকে রুখে দেওয়া। তার জন্য, নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল সূত্রে বলা হয়েছে, ভোটের পর সংবিধান রক্ষায় বিজেপি বিরোধী শিবিরে অবশ্যই থাকবে তৃণমূল। আপাতত ইন্ডিয়া জোটের অধীনে আসন ভাগাভাগি না করার সিদ্ধান্ত পাকা। এই বিষয়ে আর কোনও আলোচনা হবে না।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।