Madhyamik Examinee: অ্যাসিড ছোড়ার হুমকি! প্রতিবাদ করতে শাবলের কোপ বাবাকে, ঘরছাড়া মাধ্যমিক পরীক্ষার্থী – Bengali News | Madhyamik student cant go to her home as neighbour harassed in south 24 pgs
মাধ্যমিক পরীক্ষার্থীImage Credit source: TV9 Bangla
নামখানা: দিনের পর দিন চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। বারবার উত্যক্ত করা হচ্ছে পরীক্ষার্থীকে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পরীক্ষার্থীর বাবাকেও। প্রতিবেশীর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানায়। আতঙ্কে বাড়িছাড়া ওই ছাত্রী। প্রায় এক বছর ধরে ছাত্রীকে উত্যক্ত করা হচ্ছে বলে অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি সেই পরিস্থিতি চরমে পৌঁছেছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষায়। এমন পরিস্থিতি বাড়ি ফিরতে পারছে না ছাত্রী ও তার পরিবারের কোনও সদস্য। পরীক্ষা নিয়েই কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যেই যুবকের এফআইআর দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
অভিযোগ, গত সোমবার আবারও ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ওই যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। সেই সময় ওই ছাত্রীর বাবা প্রতিবাদ করলে, অভিযুক্ত যুবক ও তাঁর বাবা তাঁকে শাবল দিয়ে মাথায় মারেন বলে অভিযোগ। আহত অবস্থায় ছাত্রীর বাবা মাটিতে লুটিয়ে পড়ার পর প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে।
বর্তমানে ওই ছাত্রীর বাবা হাসপাতালে চিকিৎসাধীন। নামখানা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ছাত্রীর মা জানিয়েছেন, তাঁর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে। আর এক সপ্তাহ পরে রয়েছে পরীক্ষা। কিন্তু আতঙ্কে মেয়ে কোচিং ও টিউশনে যেতে পারছে না। সবাই এখন বাড়ি ছাড়া। তাঁর মেয়েকে অ্যাসিড মেরে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পরিবারের সবাইকেও প্রাণে মারারও হুমকি দিচ্ছে বলে দাবি ছাত্রীর মায়ের। কোনও ক্রমে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে ওই পরীক্ষার্থী।