Video: তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিমলার হোটেল, দেখুন ভিডিয়ো – Bengali News | Shimla five storied hotel collapsed video in social media and cracked in highway
সিমলা: উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে ভূমিধসে ভয়াবহ বিপর্যয়ের এখনও বছর পেরোয়নি। এর মধ্যে ফের বিপর্যয়ের কবলে পড়ল পর্যটন-শহর সিমলা। একেবারে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেলে ৫ তলের একটি হোটেল। শনিবার এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে সিমলার ঘান্দাল গ্রামে। সেই মূহূর্তের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুর ১২টা নাগাদ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সিমলার ঘান্দাল গ্রামে ধামি কলেজের কাছে ৫ তল বিশিষ্ট একটি হোটেল। ভূমিধসের জেরেই হোটেলটি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল-সংলগ্ন ২০৫ নম্বর জাতীয় সড়কও। এছাড়া ধামি ১৬ মাইল এলাকার রাস্তায় ফাটল দেখা দিয়েছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
এই খবরটিও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ওই হোটেল-সহ ধামি এলাকায় ফাটল চওড়া হচ্ছিল। এসডিও (গ্রামীণ) নিশিকান্ত দুবে জানান, বিপদ বুঝে আগেই ওই এলাকার বাসিন্দাদের সরানো হয়েছে। হোটেলটিও খালি করা হয়। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। ফলে এদিন হঠাৎ করে হোটেলটি ভেঙে পড়লেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় প্রশাসনের উদ্বেগ বেড়েছে।
#shimla शिमला : थाना बालूगंज के अंतर्गत 16 मील से आगे गलोग की ओर एक निजी पांच मंजिला इमारत गिर कर ध्वस्त,जान का नुकसान नहीं#shimla #building #collapse#वायरलविडियो pic.twitter.com/QwJNAbnV8m
— सबसे पहले भारत देश (@devinderkumart2) January 20, 2024
প্রসঙ্গত, গত বছরের অগাস্টে উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ ব্যাপক ভূমিধসের কবলে পড়েছিল। ভূমিধসের সঙ্গে মেঘ ভাঙা বৃষ্টিও নামে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় সিমলারও বিস্তীর্ণ অঞ্চল। সিমলার সামারহিলে প্রসিদ্ধ শিব মন্দিরও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই মন্দিরের ধ্বংসাবশেষ চাপা পড়ে বহু পুণ্যার্থীর মৃত্যুও হয়। এবছরের গোড়ায় ফের হোটেল ভেঙে পড়ায় এবং হাইওয়েতে ফাটল চওড়া হওয়ায় আশঙ্কা বাড়ছে।