Balurghat: সরকারি রেজিস্ট্রার অফিসে চুরি, খোয়া গেল কোন নথি? – Bengali News | Balurghat Theft in the government register office, lost any documents?
রেজিস্ট্রার অফিসে চুরিImage Credit source: TV9 Bangla
দক্ষিণ দিনাজপুর: থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা সরকারি রেজিস্ট্রার অফিসে চুরি। জানালার গ্রিল ভেঙে নগদ টাকা সহ অফিসের অন্যান্য সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার পাশে ব্লক ভূমি রাজস্ব দফতরের সাব রেজিস্ট্রার অফিসে। খবর পেয়ে এদিন দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় ডিএসপি ডিএন্ডটি প্রদীপ সরকার-সহ কুমারগঞ্জ থানার পুলিশ৷ থানার ঢিল ছোড়া দূরত্বে সরকারি অফিসে চুরির ঘটনায় এলাকার পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কিছুদিন ধরেই কুমারগঞ্জ এলাকায় চুরি বেড়েছে। মূলত যুব সম্প্রদায়ের মধ্যে নেশার প্রবণতা বাড়তেই চুরি বাড়ছে কুমারগঞ্জ জুড়ে।
জানা গিয়েছে, সাব রেজিস্ট্রার অফিসের ভল্ট থেকে প্রায় ১ লক্ষ ১৭ হাজার টাকা চুরি গেছে। ভূমি রাজস্ব দফতরের রাজস্বের টাকা সব ভল্টে রাখা ছিল। এছাড়াও কয়েকটি সিসিটিভি, কম্পিউটার ও অন্যান্য নথি চুরি গিয়েছে। তবে কী কী নথি চুরি গিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেজিস্ট্রার অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই চুরির ঘটনায় দু’জনের ছবি সিসিটিভিতে ধরা পড়েছে৷ মুখ ঢাকা থাকায় তাদের চিহ্নিত করতে সমস্যায় পড়েছে পুলিশ। কী কী জিনিস চুরি গিয়েছে, তা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ। গোটা অফিস লণ্ডভণ্ড হয়ে রয়েছে৷
এই খবরটিও পড়ুন
এবিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছে৷ সিসিটিভির কিছু ফুটেজ পাওয়া গেছে। সবটা খতিয়ে দেখা হচ্ছে।