Death Threat to Punjab CM: সাধারণতন্ত্র দিবসেই খুন হবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী, হুমকি পান্নুনের – Bengali News | Khalistani terrorist Pannun warns to kill to Punjab CM Bhagwant Mann
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে হত্যার হুমকি পান্নুনের।
চণ্ডীগঢ়: সাধারণতন্ত্র দিবসেই খুন হবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাম মন্দিরের উদ্বোধন নিয়ে যখন দেশ থেকে গোটা বিশ্ব মাতোয়ারা, তখন এমনই হুঁশিয়ারি এল। খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন এই হুঁশিয়ারি দিয়েছেন। সাধারণতন্ত্র দিবসের ১০ দিন আগে খলিস্তানি জঙ্গি নেতার এই হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।
পঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের প্রাণনাশের হুমকির পরই নড়েচড়ে বসেছে পঞ্জাব প্রশাসন। খবরটি নিশ্চিত করে পঞ্জাব পুলিশ জানায়, খলিস্তানি জঙ্গি পান্নুন সমস্ত গ্যাংস্টারদের একত্রিত হয়ে আগামী ২৬ জানুয়ারি আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উপর হামলা চালানোর আবেদন জানিয়েছেন। তবে কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পঞ্জাবের ডিএসপি গৌরব যাদব। তিনি জানান, গ্যাংস্টারদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্য পুলিশ এবং সকল গ্যাংস্টারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গিনেতা পান্নুনের ভারতীয় নেতা বা সংস্থার বিরুদ্ধে হুমকি দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে একাধিকবার তাঁর তরফে নানান হুমকি এসেছে। গত ১৯ নভেম্বর টাটা গোষ্ঠীর উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছিল কানাডায় আশ্রয় নেওয়া গুরপাতওয়ান্ত সিং পান্নুন। ওই বিমানে শিখদের না চড়ারও পরামর্শ দেন তিনি। তার আগে গত ১০ অক্টোবর খলিস্তানি জঙ্গি পান্নুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুমকি দিয়েছিলেন।
এই খবরটিও পড়ুন
২০১৯ সাল থেকে এনআইএ-র স্ক্যানারে রয়েছে পান্নুন। ২০২১ সালে পান্নুনের বিরুদ্ধে অজামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়। তারপর গত বছর ‘ঘোষিত অপরাধী’র তকমা পান পান্নুন।