Daspur: কোটি টাকার ব্রিজ ধসে এক বন্যাতেই, বিকল্প কাঠের সেতুগুলোর অবস্থা ঝুলছে ভেঙে! অতঃপর… – Bengali News | Daspur A bridge worth crores of rupees was destroyed in the flood. Alternative bridge condition is bad in Daspur
দাসপুর: কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল কংক্রিটের ব্রিজ। বন্যায় ব্রিজের সংযোগকারী অংশ ধসে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। তিন বছর পার হলেও কংক্রিটের সেতুর উপর যোগাযোগ ব্যবস্থা চালু হয়নি। দ্রুত সেতু মেরামতের দাবিতে এলাকাবাসী থেকে শুরু করে বিরোধীদলগুলি একাধিকবার বিক্ষোভও দেখায়। উল্টে লক্ষ টাকা ব্যয়ে ব্রিজের পাশেই নির্মাণ করা হয়েছে একাধিক কাঠের সেতু। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। কারণ সেই সেতু ভেঙেও যোগাযোগ বিচ্ছিন্ন। অগত্যা উপায় না পেয়ে বাঁশের সাঁকো তৈরি করে কংক্রিটের ব্রিজের সঙ্গে সংযোগ করে চলছে যাতায়াত।
২০২০ অতি বৃষ্টির কারণে ধসে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের পলাশপাই খালের উপর থাকা মহিষঘাটা কংক্রিটের ব্রিজের সংযোগকারী একটা অংশ । তারপর থেকে একাধিকবার প্রশাসনকে জানিয়েও সেভাবে কোন সুরাহা হয়নি। ঘটনা এলাকাবাসী থেকে শুরু করে বিরোধীদল গুলি দ্রুত ব্রিজ মেরামতের দাবিতে, প্রশাসনকে লিখিত আবেদন ও বিক্ষোভ স্মারকলিপি দেয়।
তারপরে প্রশাসনের উদ্যোগে ধসে যাওয়া কংক্রিটের ব্রিজের পাশে অস্থায়ী ভাবে করা হয়েছিল বাঁশ ও কাঠের সাঁকো, সেই সাঁকো দিয়ে ঝুঁকি পূর্ণভাবে পারাপার করতে হচ্ছিল এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে, দাসপুর থেকে পূর্বমেদিনীপুরের কোলাঘাট যাওয়ার জন্য বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হত ওই রাস্তাটিকে। এমনকি দাসপুরের দুধকমরা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ এই ব্রিজের উপর দিয়ে দাসপুর ব্লকের সঙ্গে যোগাযোগ করত।
এই খবরটিও পড়ুন
দাসপুর প্রধানত শাক সব্জি ও শীত কালীন ফুলের এলাকা। প্রতিনিয়ত ওই এলাকার কৃষকেরা শাক সব্জি ও ফুল নিয়ে পাড়ি দিতেন কোলাঘাটে। ব্রিজ ধসে পড়াই চরম সমস্যায় পড়েছে এলাকাবাসী। এদিকে অস্থায়ী সেতু ও ভেঙে গিয়েছে, বর্ষায় পলাশপাই খালে জল বাড়তেই ভেঙে গিয়েছিল অস্থায়ীভাবে তৈরি করা সাঁকোটিও। খালের একদিকে রয়েছে দুধকোমরা গ্রাম পঞ্চায়েত অপরদিকে রয়েছে খেপুত গ্রাম পঞ্চায়েত।
পাশাপাশি ওই সড়কটি দাসপুর থেকে কোলাঘাট যাবার জন্য বিকল্প পথ হিসাবে ব্যবহার করত জেলার মানুষজন। চরম সমস্যায় এলাকার মানুষজন, তাঁদের দাবি অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না গ্রামে। দীর্ঘ প্রায় ৩ বছর ধরে কোনও সুরাহা না হওয়ায় এক প্রকার ক্ষোভ ফুঁসছে এলাকার মানুষজন। ঘটনায় শাসকদলকে তীব্রভাবে কটাক্ষ করেছে বিজেপি।
চরম সমস্যায় পড়েছে এলাকার মানুষ, এমনই জানিয়েছেন দুধকমড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় বলেন, “১৪ কোটি টাকা ব্যয়ে ওই ব্রিজটি মেরামত করা হবে, খুব শীঘ্রই এই মেরামতের কাজ শুরু হবে।” আর দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি।
ব্রিজের একাংশ ধসে যাওয়াই বর্তমানে অস্থায়ী বাঁশের সাঁকোর সঙ্গে কংক্রিটের ব্রিজের সংযোগ করা হয়েছে, শুধুমাত্র বাইক সাইকেল পারাপার করতে পারছে সাঁকো বরাবর। ফলে চরম সমস্যায় এলাকার কৃষক থেকে শুরু করে স্থানীয় মানুষজন।