Rahul Gandhi: ‘আপনাদের মন কি বাত শুনতে চাই’, মণিপুর থেকে ন্যায় যাত্রা শুরু করে বললেন রাহুল – Bengali News | Rahul Gandhi started Bharat Jodo Nyay Yatra from Manipur Thoubal and said he want to hear their (manipur people) mann ki baat
ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে স্থানীয়দের সঙ্গে চা-আড্ডা রাহুল গান্ধীর।Image Credit source: ANI
থৌবাল: কয়েক মাসের বিরতির পর ফের জনসংযোগ যাত্রা শুরু করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার এই যাত্রার নাম দিয়েছেন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। নামেই স্পষ্ট, ন্যায়-সূত্রে দেশকে বাঁধতে এই যাত্রা রাহুলের। সম্প্রতি হিংসার আগুনে ধ্বস্ত হয়েছে মণিপুর। এবার সেই মণিপুরের মানুষদের ‘মন কি বাত’, ‘যন্ত্রণার কথা’ শুনতেই সেই রাজ্য থেকেই যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী। যাত্রার সূচনায় থৌবালের মানুষের সঙ্গে আলাপচারিতার মাঝে নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, “আমরা আমাদের মন কি বাত আপনাদের শোনাতে চাই না, আমরা আপনাদের মন কি বাত শুনতে চাই। আমরা আপনাদের যন্ত্রণা জানতে চাই।”
আজ, রবিবার মণিপুরের থৌবাল জেলা থেকে দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা-র সূচনা করেন রাহুল গান্ধী। যাত্রাপথে তাঁকে থৌবাল জেলার সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায়। এমনকি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি চায়ের দোকানে বসে কাগজের কাপে চা পান করতেও দেখা যায় কংগ্রেস সাংসদকে। চা পান করতে-করতে আড্ডার মাঝে থৌবালের মানুষের ‘দুঃখ, যন্ত্রণার কথা’ শুনতে চান রাহুল গান্ধী। তারপর তিনি বলেন, “আমরা আপনাদের কাছে সৌভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির ভাবনা ভাগ করে নিতে চাই।” তাঁরা পুনরায় মণিপুরের মানুষদের শান্তি, সৌভ্রাতৃত্ব ও মণিপুরের পুরানো ঐতিহ্য ফিরিয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী।
এই খবরটিও পড়ুন
এদিন থৌবাল জেলা থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা-য় যোগদান করেন বিএসপি বিধায়ক দানিশ আলি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ। থৌবাল থেকে রাহুলের এই যাত্রা পৌঁছবে নাগাল্যান্ডে। সেখান থেকে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে রাহুল গান্ধীর পদযাত্রা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। ৫ দিন ধরে বাংলার ৭টি জেলার মধ্যে দিয়ে পদযাত্রা করবেন রাহুল গান্ধী। তারপর সেখান থেকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট হয়ে মহারাষ্ট্রে শেষ হবে এই যাত্রা।