Balurghat: ট্রেনের শৌচালয়ে ঝুলন্ত দেহ বালুরঘাটের পরিযায়ী শ্রমিকের, উঠছে প্রশ্ন – Bengali News | balurghat migrant labour body recover from train
বালুরঘাট থানার সামনে পরিবারের লোকজন। Image Credit source: TV9 Bangla
বালুরঘাট: টানাটানির সংসার। এদিকে বাড়িতে থেকে তেমন আয় হচ্ছিল না। দু’পয়সা বেশি রোজগারের আশায় পরিযায়ী হয়েছিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদা গ্রামপঞ্চায়েতের দোগাছি ফরেস্ট পাড়ার সুনীল মুর্মু (৩৫)। শুক্রবার বাড়ি থেকে রওনা হন। রবিবার সকালে খবর এল, ট্রেনের শৌচালয় থেকে দেহ উদ্ধার হয়েছে তাঁর। আত্মঘাতী হয়েছেন বলে পরিবার সূত্রে খবর। চলন্ত ট্রেনেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রবিবার সুরাট স্টেশনে জিআরপি সুনীলের ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপরই বালুরঘাটের বাড়িতে আসে ফোন। যদিও এই মৃত্যু নিয়ে ধন্দে বাড়ির লোকজন। ঘনাচ্ছে রহস্য। একইসঙ্গে চিন্তার ভাঁজ পরিবারের, কীভাবে সুদূর সুরাট থেকে এই দুঃস্থ পরিবার সুনীলের দেহ নিয়ে বালুরঘাটে ফিরবেন।
সুনীলের বাড়িতে স্ত্রী ও তিন মেয়ে। মাঝে কাজ ছিল না তাঁর। এরপর শ্বশুরবাড়ির সূত্র ধরে বাইরে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুক্রবার সেইমতো বালুরঘাট থেকে কলকাতা যান। সেখান থেকে হাওড়া হয়ে গুজরাটের ট্রেন ধরেন।
পরিবারের দাবি, বাড়ি থেকে বেরোনোর সময় অস্বাভাবিক কিছু নজরে আসেনি। শুক্রবার রাত ও শনিবার দিনভর ট্রেনেই ছিলেন সুনীল। রবিবার ভোরের দিকে শৌচালয়ে যান। তবে ট্রেন সুরাট পৌঁছলেও সিটে ফেরেননি তিনি। এরপরই জিআরপি তল্লাশিতে উদ্ধার হয় ঝুলন্ত দেহ।