Balurghat: শিয়ালদহগামী এক্সপ্রেসের পর বালুরঘাট থেকেই শীঘ্রই চালু হচ্ছে আরও নতুন ট্রেন, হয়ে গেল ট্রায়াল রান – Bengali News | After the Sealdah bound express, more new trains are starting soon from Balurghat, the trial run is done
হয়ে গেল ট্রায়াল রান Image Credit source: Facebook
বালুরঘাট: জোরকদমে কাজ চলছে বালুরঘাট স্টেশনে (Balurghat Station)। খুব দ্রুত চলবে দূরপাল্লার ট্রেন। সেই কাজ দেখতে শনিবার দুপুরে বালুরঘাট স্টেশনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। তাঁর সঙ্গেই ছিলেন রেলের উচ্চপদস্থ সব আধিকারিকেরা। এদিন স্টেশনে এসে মূলত সিক ও পিট লাইনের কাজই সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। অন্য আধিকারিকরা স্টেশনে অন্যান্য যে সমস্ত কাজ হচ্ছে সেগুলিও ঘুরে ঘুরে দেখেন।
এদিনই নতুন সিক ও পিট লাইনে একটি ট্রায়াল রানও হয়ে গিয়েছে। চালানো হয়েছে একটি লোকো ইঞ্জিনকে। নারকেল ফাটিয়ে নতুন লাইনে ট্রায়ালের সূচনা করেন ডিআরএম। স্বভাবতই খুশি রেল কর্মীরাও। খুশি বালুরঘাটের লোকজনও। এই লাইনের কাজ পাকাপাকিভাবে শেষ হয়ে গেলে শীঘ্রই দূরপাল্লার ট্রেনও চালানো হবে বলে খবর। আগামী কিছুদিনের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে বলে জানাচ্ছেন সুরেন্দ্র কুমার। তবে বর্ষার জন্য যে কাজে কিছুটা দেরি হয়েছে সে কথা মানছেন তিনিও। তবে এখন যে গতিতে কাজ এগোচ্ছে তাতে বাকি কাজ শেষ হতে খুব একটা সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে।
সুরেন্দ্র কুমার বলেন, অনেক কাজ হচ্ছে। পিট লাইনের কাজ অনেকটা শেষ হয়েছে। সে কারণেই ট্রায়াল রানের আয়োজন। বাকি যে সমস্ত কাজ আছে শীঘ্রই সেগুলি শেষ হয়ে যাবে। আগামী মাসের মধ্যেই কাজটা পুরোপুরি শেষ হবে বলে আশা করছি। ১ তারিখ বালুরঘাট-শিয়ালদা ট্রেন চালু হয়েছিল। আগামীতে আরও নতুন দূরপাল্লার ট্রেন চালু হবে শীঘ্রই। পুরো কাজ শেষ হলে নতুন ট্রেন চালু হতে আর দেরি হবে না। অনেক ট্রেনের দাবি থাকলেও রেল বোর্ড থেকে যে ট্রেনগুলির অনুমোদন মিলবে সেগুলিই চলবে।
এই খবরটিও পড়ুন
এদিকে গোটা উদ্যোগের জন্য এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির বালুরঘাট শহর সভাপতি সমীর প্রসাদ দত্ত। তিনি বলছেন, ওনার জন্যই আজ এটা সম্ভব হয়েছে। উনি আমাদের ভূমিপুত্র। এটার জন্য তাঁকে বাহবা দেব। ওনার জন্য আজ পুরো কাজের বাস্তবায়ন সম্ভব হয়েছে।