Dankuni BJP Rally: ডানকুনিতে বিজেপির বাইক মিছিল আটকে দিল পুলিশ, এলাকায় উত্তেজনা – Bengali News | Police stop Bike Rally of BJP at Dankuni
বিজেপির মিছিল আটকে দিল পুলিশImage Credit source: TV9 Bangla
ডানকুনি: হুগলি জেলার ডানকুনিতে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে রবিবার বাইক মিছিল বের হয়। বাইক মিছিলের নাম দেওয়া হয়েছে যুব সংকল্প বাইক যাত্রা। ডানকুনি মৌমাথা থেকে শুরু হয় সেই মিছিল। সেখান থেকে জোমজুড় থানা অবধি মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু বিজেপির বাইক মিছিল ডানকুনি হাউসিং মোড়ে আসতেই তা আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের।
মূলত রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে এই বাইক মিছিলের আয়োজন করেছিল বিজেপির যুব মোর্চা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। এই মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। কিন্তু লিখিতভাবে আবেদন করা সত্ত্বেও পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ বিজেপির। শনিবার সেই অনুমতি বাতিল করে দেয় বলে দাবি করেছে বিজেপি।
পুলিশ অনুমতি না দিলেও নির্দিষ্ট কর্মসূচি মেনে বাইক মিছিল করে বিজেপি। কিন্তু ডানকুনি হাউসিং মোড়ে সে মিছিল আটকে দেয় পুলিশ। এতেই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়।