Basirhat: বন্ধুর কাছ থেকে টাকা চাইতে গিয়েছিলেন, না পেয়ে ফেরেন, তারপর থেকেই নিখোঁজ – Bengali News | A young man missing from Basirhat
বসিরহাট: বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন। কিন্তু পাননি। তারপর খালি হাতে ফিরেও আসেন। আর তারপর থেকেই নিখোঁজ। বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের গোয়ালপোতার ঘটনা। বছর একচল্লিশের মৃত্যুঞ্জয় অধিকারী পেশায় দিনমজুর। জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখ মঙ্গলবার সকালে সে তাঁর দুই সহকর্মীর সঙ্গে কাজে বেরোয়। কিন্তু কাজ না মেলায় আবার ফিরে আসে।
তারপর বসিরহাটের বদরতলার বাসিন্দা তারই বন্ধু রবির কাছে পাওনা টাকা আদায় করতে যায়। কিন্তু পাওনা টাকা রবি দেয় না। সেই টাকা না পেয়ে অবশেষে তিনি ফিরে আসেন। তারপর তাঁর মেয়েকে ফোনে বলেন, তিনি আধ ঘণ্টার মধ্যেই বাড়িতে ফিরবে। কিন্তু তারপর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যাচ্ছে না।
এই খবরটিও পড়ুন
রাত দশটার পর ফোনটিও বন্ধ হয়ে যায়। ঘটনার ২৪ ঘণ্টা কাটতেই ৩ জানুয়ারি বসিরহাট থানায় দাদার নিখোঁজের অভিযোগ করে মৃত্যুঞ্জয়ের ভাই সমীরণ অধিকারী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। যদিও প্রায় চার দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। যার জেরে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবারও। তাহলে কি পাওনা টাকা চাইতে গিয়েই ফ্যাসাদে পড়েছিল মৃত্যুঞ্জয়? নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য? পুরোটাই তদন্ত করে দেখছে বসিরহাট থানার পুলিশ।