Attack on ED: ইডির অফিসারদের উপর হামলায় ডিজির কাছে অভিযোগ, আসরে ন্যাজাট থানা – Bengali News | ED lodges complaint to Police over attack on officers, Family of Sahajahan Sheikh makes counter move
সন্দেশখালির ঘটনায় থানায় অভিযোগ দায়েরImage Credit source: TV9 Bangla
সন্দেশখালি: সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির তিন অফিসার। গুরুতর আহত অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি। শুক্রবারের ঘটনার পর সন্ধেয় ইডির তরফে প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যেভাবে ৮০০-১০০০ জন উন্মত্ত জনতা গতকাল চড়াও হয়েছিল, তাঁদের দেখে মনে হয়েছিল যেন প্রাণে মারার উদ্দেশ্যেই তেড়ে আসছিল। গতকালের সেই ঘটনায় ইতিমধ্যেই ন্যাজাট থানায় শাহজাহান শেখ ও তাঁর অনুগামীদেরর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ইডি। গতরাতেই ইমেল মারফত রাজ্য পুলিশের ডিজি ও জেলা পুলিশ সুপারের কাছে বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকালের প্রেস বিবৃতিতেই ইডি জানিয়েছিল, তারা সন্দেহ করছে শাহজাহান শেখ ও তাঁর সাগরেদরাই এই হামলায় উস্কানি দিয়েছিল।
এদিকে শনিবারের ঘটনার পর থেকেই বেপাত্তা শাহজাহান শেখ। শুধু শাহজাহান শেখই নয়, তাঁর পরিবারের কোনও সদস্যেরও দেখা মিলছে না বাড়িতে। সন্দেশখালিতে শাহজাহানের ডেরায় আজ সকালেও পৌঁছে গিয়েছিলেন টিভি নাইন বাংলার প্রতিনিধি। আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের পরিবারের পাঁচটি বাড়ি। চার ভাইয়ের চারটি। আরেকটি বাড়িতে মা থাকেন। এদিন বার বার ডাকাডাকি করা হলেও কারও সারাশব্দ পাওয়া যায়নি।
এই খবরটিও পড়ুন
প্রসঙ্গত, শুক্রবার শাহজাহান শেখের বাড়িতে গিয়েও তাঁর দেখা পাননি ইডির অফিসাররা। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ইডির অফিসাররা যখন বাইরে অপেক্ষা করছিলেন, তখন তাঁদের উপর চড়াও হয় একদল উন্মত্ত জনতা। এরপরই হামলা। মারধর। রক্তারক্তি। গাড়ি ভাঙচুর। গোটা ঘটনায় তিন জন ইডি অফিসার আক্রান্ত হয়েছেন। এদিকে পরবর্তীতে ইডির তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, যখন ইডির অফিসাররা বাইরে অপেক্ষা করছিলেন, তখন শাহজাহানের মোবাইলের লোকেশন ছিল বাড়ির ভিতরেই।