ভারতীয় ফুটবলেও ভিডিয়ো রিপ্লে-র (AVRS) ভাবনায় ফেডারেশন – Bengali News | AIFF President evaluates the possibility of implementing ‘Additional Video Review System’ (AVRS) in India
কলকাতা: ভারতীয় ফুটবলে কি VAR দেখা যাবে? এখনই হয়তো নয়। তবে একই ধরনের পদ্ধতি দেখা যেতে ভারতীয় ফুটবলে। আই লিগ, ইন্ডিয়ান সুপার লিগে রেফারিং নিয়ে নানা বিতর্ক হয়েছে। ভারতীয় ফুটবলে রেফারিং বিতর্ক নতুন নয়। এ বার নড়েচড়ে বসেছে সর্বভারতীয় ফুটবল সংস্থাও। মাসের শুরুতেই জরুরি মিটিংয়ে বসেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। রেফারিদের কড়া বার্তা দিয়েছেন তিনি। মানুষ মাত্রই ভুল হয়, তত্ত্ব থেকে বেরিয়ে নিরপেক্ষ ভাবে কাজ করার বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, রেফারিদের আরও শিক্ষিত করারও বার্তা দিয়েছেন। এ বার অন্য ভাবনা ফেডারেশনের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান ম্যাচে সাতটি করে লাল ও হলুদ কার্ড দেখানো হয়েছিল। আইএসএলে এটি ইতিহাস। এক ম্যাচে এতগুলি লাল-কার্ড তার আগে আইএসএলে কখনও ঘটেনি। ইস্টবেঙ্গলের বেশ কিছু ম্যাচেও রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছিল। ইস্টবেঙ্গলের তরফে লিখিত অভিযোগও করা হয় কিছুদিন আগেই। এরপরই ফেডারেশন সভাপতির সেই বৈঠক। শুধু তাই নয়, আসন্ন সুপার কাপে বিভিন্ন টিমের কোচ ও কর্তাদের সঙ্গেও বৈঠক করা হবে।
ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) জন্য অনেক খরচ। ফেডারেশনের পক্ষে এখনই সেই পদ্ধতি আনা কঠিন। তবে অ্যাডিশনাল ভিডিয়ো রিভিউ সিস্টেম (AVRS)-চালু করা যেতেই পারে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তেমনই ইঙ্গিত দিয়েছেন। মাঠের রেফারির যদি কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, তাহলে ভিডিয়ো রিপ্লে-র সাহায্য নিতে পারেন।