ED Raid: বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ৩০০ বন্দুক, প্রচুর মদের বোতল – Bengali News | Haryana congress mla raided by ed rs 5 crore cash 300 guns liquor bottles seized
কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হওয়া বন্দুকImage Credit source: Twitter
চণ্ডীগড়: কংগ্রেস বিধায়কের বাড়িতে হানা দিয়ে কোটি কোটি নগদ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। নগদ টাকার পাশাপাশি হরিয়ানার ওই বিধায়কের বাড়ি থেকে প্রচুর মদের বোতল এবং বন্দুক উদ্ধার হয়েছে। শুক্রবার এই উদ্ধারের কথা জানিয়েছে ইডি। ওই কংগ্রেস বিধায়কের সাঙ্গপাঙ্গ এবং হরিয়ানার অপর এক বিধায়কের বাড়িতেও এ দিন হানা দিয়েছে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেয় কংগ্রেস বিধায়ক সুরেন্দর পানওয়ার এবং ইন্ডিয়ান লোকদলের প্রাক্তন বিধায়ক দিলবাগ সিংয়ের বাড়িতে। অবৈধ খননে জড়িত এবং আর্থিক তছরূপের অভিযোগের তদন্তে নেমেই এই হানাদারি বলে জানা গিয়েছে। ৬টি গাড়ি করে ১৫-২০ জন ইডি আধিকারিক বৃহস্পতিবার রাতে আসেন কংগ্রেস বিধায়ক সুরেন্দরের বাড়িতে। বিধায়কের পাশাপাশি সুরেন্দর এক জন খনি ব্যবসায়ীও।
উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনা
সোনেপথের বিধায়ক সুরেন্দরের বাড়ি থেকে ৫ কোটি টাকা নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে। সেই সঙ্গে ৪-৫ কেজির সোনার বিস্কুটও উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। এর পাশাপাশি ৩০০টি বন্দুক এবং প্রচুর মদের বোতল পাওয়া গিয়েছে কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে।