সাবধান! রাজ্যের একাধিক জেলায় প্রবল বজ্রপাতের সতর্কতা, তালিকায় কি রয়েছে আপনার জেলার নাম? - 24 Ghanta Bangla News
Home

সাবধান! রাজ্যের একাধিক জেলায় প্রবল বজ্রপাতের সতর্কতা, তালিকায় কি রয়েছে আপনার জেলার নাম?

Spread the love

বৈশাখের শেষে যখন তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, তখন নিয়মিত বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি। বিশেষ করে মনোরম আবহাওয়া ডুয়ার্সের জেলাগুলিতে। কিন্তু তারই মধ্যে এল আশঙ্কার খবর। বেসরকারি আবহাওয়া সংস্থা জানাচ্ছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

বেসরকারি আবহাওয়া সংস্থা ‘ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল’ এর পূর্বাভাস অনুসারে, চলতি সপ্তাহে ১২ থেকে ১৭ মে পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে প্রাণঘাতী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। প্রবল বজ্রপাত হতে পারে তুফানগঞ্জ, দিনহাটা, সিতাই, কোচবিহার সদর, মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, কুমারগ্রাম, আলিপুরদুয়ার সদর, কালচিনি, মাদারিহাট ও ফালাকাটায়।

এই সব এলাকায় চলতি সপ্তাহে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলেই স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে। ফাঁকা মাঠ, গাছ বা অস্থায়ী কাঠামোর নীচে আশ্রয় নিলে তা প্রাণঘাতী হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে পাকা বাড়ির ভিতরে দরজা জানলা বন্ধ করে আশ্রয় নিতে হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কোনও কারণে কেউ মা বা খোলা জায়গায় থাকাকালীন বজ্রপাত শুরু হলে দাঁড়িয়ে থাকা উচিত নয়। বজ্রপাত থেকে বাঁচতে মাটিতে শুয়ে পড়তে হবে। গাছের তলায় বা আসেপাশে আশ্রয় নেওয়া উচিত নয়। তাতে বজ্রদ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় মানুষ টিনের বাড়িতে বসবাস করেন। সেক্ষেত্রে আসেপাশে কোনও সরকারি বিদ্যালয় বা অন্য কোনও সরকারি পাকা বাড়িতে আশ্রয় গ্রহণ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *