Governor: একধিক বিলে অনুমোদন রাজ্যপালের, সঙ্গে সংখ্যালঘু বিলের সুপারিশও করলেন – Bengali News | Governor CV Ananda bose permission in three bill today
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ফাইল ফোটো)
সৌরভ দত্ত ও দীক্ষা ভুইঞার রিপোর্ট
কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)-এর বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগ বরাবরই করে এসেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন। রাজ্যপালের কী ‘কর্তব্য’ সে কথাও মনে করাতে ভোলেনি অধ্যক্ষ। এই আবহের মধ্যেই এবার তিনটি বিলে অনুমতি দিল রাজভবন।
মঙ্গলবার রাজভবনের তরফে একটি বিবৃতি জারি করে এই তিনটি বিলে অনুমতি দেওয়ার বিষয়ে জানানো হয়েছে। রাজভবন সূত্রে খবর, সংশ্লিষ্ট বিলগুলি হল পশ্চিমবঙ্গ শহর ও নগর (পরিকল্পনা ও উন্নয়ন) (সংশোধনী) বিল, ২০২৩, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও প্রজাস্বত্ব ট্রাইব্যুনাল (সংশোধনী) বিল, ২০২২ এবং পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল (সংশোধনী) বিল, ২০২২। এর পাশাপাশি বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন (সংশোধনী) বিল, ২০২৫’ উত্থাপনের সুপারিশ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
উল্লেখ্য, রাজভবনে বিল আটকে রাখা নিয়ে রাজ্য-রাজপাল সংঘাত অনেক দিন ধরেই চলছিল। এই আবহের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল বোস। তাঁর সঙ্গে হাসপাতালে গিয়ে দেখাও করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই বিলগুলিতে সই করেছেন রাজ্যপাল। ফলে, দ্রুত এই বিলগুলি আইনে পরিণত হবে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
