Happy Birthday Sachin Tendulkar: আইপিএলেও 'মাস্টার' সচিন, রোহিত-বিরাট পারবেন সেই রেকর্ড ভাঙতে? - Bengali News | Happy Birthday Sachin Tendulkar, master blaster turns 52, look at his IPL career - 24 Ghanta Bangla News
Home

Happy Birthday Sachin Tendulkar: আইপিএলেও ‘মাস্টার’ সচিন, রোহিত-বিরাট পারবেন সেই রেকর্ড ভাঙতে? – Bengali News | Happy Birthday Sachin Tendulkar, master blaster turns 52, look at his IPL career

আইপিএলেও ‘মাস্টার’ সচিন, রোহিত-বিরাট পারবেন সেই রেকর্ড ভাঙতে?

২৪-এ এপ্রিল। দিনটা ভারতীয় ক্রিকেটের কাছে শুধুই কি আবেগের? কত স্মৃতি আজও রয়ে গিয়েছে আকাশে বাতাসে। আঠারোর আগেই দেশের হয়ে অভিষেক। ব্যাট করতে নেমে নাক ফেটে যাওয়া। তারপরও বাচ্চা ছেলেটা বলেছিল, ম্যায় ব্যাট করুঙ্গা! ইতিহাস লেখাটা শুরু হয়ে গিয়েছিল সেই দিন থেকেই। যে মাঠে নেমেছেন, নিজেকে তুলে ধরেছেন। উড়িয়েছেন ভারতের জাতীয় পতাকা। সিরিজের পর সিরিজ একা কুম্ভ হয়ে লড়ে যাওয়া, দেশের হয়ে বিশ্বকাপ জয়…!

আজ ৫২ বছরে পা দিলেন সচিন তেন্ডুলকর। নামটা শুনলেই তাঁর চোখ কপালে ওঠা কিছু রেকর্ডের কথা মাথায় আসে। যার মধ্যে বেশ কিছু রেকর্ড আজও অক্ষত। হয়তো থেকেও যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। ২০০ টেস্ট ম্যাচ খেলা। ২৪ বছরের দীর্ঘ ক্রিকেট জীবন। ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া।

সমস্ত ফর্ম্যাটেই ছাপ ফেলেছিলেন সচিন তেন্ডুলকর। এখন আইপিএল-মুখর ভারত। সেই আবহেই জন্মদিন সচিনের। চলুন আজ জেনে নিই আইপিএলে কেমন ব্লাস্ট করেছিলেন মাস্টার ব্লাস্টার। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়েছিল। তখন অনেকেই ভাবেননি যে টেস্ট ও ওয়ানডে-তে রাজ করা সচিন ২০ ওভারের ফর্ম্যাটেও এমনভাবে নিজেকে মেলে ধরবেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন ২০১৩ সাল অবধি। আর দেখিয়ে দেন ‘ক্লাস ইজ পারমানেন্ট’। ছয় সিজনে ৭৮ ম্যাচ খেলে ২৩৩৪ রান করেন প্রায় ৩৫-এর গড়ে। ২০১০ সালে ১৫ ম্য়াচে ৬১৮ রান করে অরেঞ্জ ক্য়াপ হোল্ডারও হয়েছিলেন তিনি।

২০১১ সালে ওয়াংখেড়েতে কোচি টাস্কার্সদের বিরুদ্ধে ৬৬ বলে আইপিএলের প্রথম সেঞ্চুরি করেছিলেন সচিন। সেই সেঞ্চুরিও এসেছিল জন্মদিনের ঠিক কয়েকদিন আগে, ১৫ এপ্রিল। সেঞ্চুরি করে আইপিএলে সবচেয়ে বয়স্ক সেঞ্চুরিয়ানদের তালিকায় নাম লেখান সচিন। ৩৭ বছর ৩৫৬ দিনে সেঞ্চুরি করেন। এই তালিকায় তাঁর উপরে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, সনথ জয়সূর্য এবং ক্রিস গেইল।

সচিন ৩৭ বছর ৩৫৬ দিন বয়সে আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। রোহিত শর্মার বয়স (আজকের দিনে) ৩৭ বছর ৩৫৯ দিন এবং বিরাট কোহলির বয়স (আজকের দিনে) ৩৬ বছর ১৭০ দিন। রোহিত যদি এই মরসুমে সেঞ্চুরি করেন, তা হলে সচিনের রেকর্ড ভেঙে ফেলবেন। আর বিরাটকে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভাঙার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর অবধি। আইপিএলে রোহিত গত বছর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ সেঞ্চুরি করেছিলেন। সেই সময় তাঁর বয়স ছিল ৩৬ বছর ৩৫০ দিন।

ওই বছরেই জন্মদিনে ডেকান চার্জারসের বিরুদ্ধে ৪২ বলে ৫১ রানের ইনিংস উপহার দেন সচিন। মাস্টার ব্লাস্টার আর আইপিএলে খেলেন না, আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেন না। তবে মাস্টার্স লিগেও যে ভাবে ব্যাটিং করেন, সকলেই মুগ্ধ হয়ে থাকেন। ক্রিকেট প্রেমীরা আজ মনে রেখে দিয়েছেন স্যার আচরেকরের সবচেয়ে প্রিয় ছাত্রকে। যত দিন ক্রিকেট থাকবে, যত দিন ব্যাটে বলের আওয়াজে রক্ত গরম হয়ে উঠবে ভক্তদের, ততদিন উজ্জ্বল হয়ে থাকবেন সচিন তেন্ডুলকর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *