‘কারও হয়তো প্রথমবার তাঁর পার্টনারের সঙ্গে ট্রিপ ছিল…’, কাশ্মীরের ঘটনায় শোকাহত মিমি – Bengali News | Mimi Chakraborty reacts on Kashmir attack incident
মঙ্গলবার দুপুর থেকেই কাশ্মীরে জঙ্গি হামলা ঘিরে তোলপাড় গোটা দেশ। পর্যটকদের ওপর চালানো এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ২৮ জন বা তার বেশি। খবর কানে যাওয়ার পর চমকে উঠছেন সকলে। একইভাবে শোক প্রকাশ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ”গতকাল যাঁরা দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁদের সকলের জন্য আমার হৃদয় কাঁদছে। নিরীহ কিছু মানুষ বেড়াতে গিয়েছিলেন, আনন্দ করতে গিয়েছিলেন, তাঁদের প্রিয়জনের সঙ্গে। কারও সদ্য বিয়ে হয়েছে, কারও হয়তো প্রথমবার তাঁর পার্টনারের সঙ্গে ট্রিপ ছিল। কারও স্বপ্নের জায়গা ছিল এই কাশ্মীর। কেউ-কেউ হয়তো একটা ভিডিয়ো তৈরি করেছেন, প্রথমবার শিকারায় চড়ে কতটা মজা লাগছে তা নিয়ে। এখন সেই জায়গায় ছড়িয়ে রয়েছে মৃতদেহ, রক্ত, সারাজীবন ধরে চলে আসা সন্ত্রাসের ছাপ, ভয়ঙ্কর স্মৃতি, হাহাকার। আমি প্রার্থনা করি, সমবেদনা জানাই, যেসব প্রাণ গেল, তাঁদের জন্য। যেসব মানুষ এমন ভয়ঙ্কর পরিস্থিুতির মুখে পড়েছেন, তাঁদের সকলের জন্যই আমার প্রাণ কাঁদছে।”
কাশ্মীরের ঘটনা বলিউড বা টলিউডের নামী তারকাদের মতোই মিমিকে প্রভাবিত করেছে, তা বুঝতে অসুবিধা হয় না। এই ঘটনার দিন থেকে একাধিক পোস্ট তিনি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। লক্ষণীয়, বহু ভারতীয় ছবির শুটিংয়ের জন্য অভিনেতা বা অভিনেত্রীরা নিয়মিত থাকেন কাশ্মীরে। তবে এই ঘটনার পর বলিউডের প্রযোজক-পরিচালকরা সতর্ক হচ্ছেন। টলিপাড়াতেও একই আবহাওয়া। সামনে অন্তত এক বছর, কাশ্মীরে পৌঁছে শুটিংয়ের কথা ভাবছেন না কিছু মানুষ।