‘আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি’, অরিন্দম শীলের মন্তব্যে বিস্ফোরক দেবলীনা – Bengali News | Debleena Dutt reaction on arindam sil controversial comment
শহরে একটা বড় ঘটনার পর প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছিল টলিপাড়ার একাধিক মুখকে। কেউ মিছিলে হেঁটেছেন। কেউ দিনের পর দিন ডাক্তারদের পাশে বসে আন্দোলন করেছেন। এমন আন্দোলন করার জন্য, অনেকে শাসক দলের বিরাগভাজন হয়েছেন বলে নিজেরাই দাবি করেছেন। তবে এবার পরিচালক অরিন্দম শীল নাম না করেও টলিপাড়া সম্পর্কে যে তথ্য সামনে আনলেন, তাতে তাক লেগে যাওয়ার জোগাড়। অরিন্দম শীলের কথায়, “এত বড় একটা মুভমেন্ট। সেখানে যাওয়ার জন্য কেউ-কেউ ফোন নিয়েছেন। অ্যাপিয়ারেন্স ফি নিয়েছেন। তাঁদের বন্ধুরাই সেসব বলে বেড়াচ্ছেন!” আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
TV9 বাংলার পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, “আমরা উপার্জনের জন্য বারবার WBJDA-এর পাশে দাঁড়িয়েছি দক্ষিণার বিনিময়ে, কেউ-কেউ ফোন পেয়েছেন… ইত্যাদি। এইসব কথা কি আমরা একেবারে যখন মানুষের ঢল রাস্তায় নেমেছিল, তখনও কি শুনিনি? তখনও শুনেছি। নিয়মিত শুনেছি। কাজেই এটাতে এখন আমরা অভ্যস্থ হয়ে গিয়েছি। কোনও একজন বিশেষ ব্যক্তি বলছেন বলে, পরিচিত ব্যক্তি বলেছেন বলে, প্রতিক্রিয়া হবে? নাহ। তখন যাঁরা যাঁরা আন্দোলনের পক্ষে ছিলেন না, তাঁরা প্রত্যেকেই আন্দোলনের পক্ষে থাকা মানুষদের নিয়ে এই কথাগুলো বলেছেন। তাঁদের মধ্যে আরেকজন হয়তো। এর মধ্যে আলাদা করে কোনও মাথা ব্যথার কারণ দেখছি না। আর যদি কেউ মনে করেন যে, আমরা যাঁরা রাত জেগে, মন প্রাণ দিয়ে, ঢেলে আন্দোলনটা করেছি, তার পিছনে কোনও স্বার্থ রয়েছে, তাহলে এমনটাও তো হতে পারে, আমাদের দিকে আঙুল তোলা কিংবা আমাদের নিয়ে নিন্দে করার পিছনেও কোনও স্বার্থ রয়েছে। সবই সম্ভব।”