Dilip Ghosh Marriage: দিলীপ ঘোষকে বিয়ে করতে ‘নিষেধ’ করেছিল RSS? প্রশ্ন উঠছে কামিনী কাঞ্চনেরও? – Bengali News | RSS tried to stop BJP Leader Dilip Ghosh from getting married, speculation in political circles
কলকাতা: ২০২৬ সালের ভোটের আগে দিলীপ ঘোষের বিয়ের সিদ্ধান্তে বেকায়দায় বিজেপি? চর্চা পদ্ম থেকে রাজনৈতিক শিবিরের সর্বত্র। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে তোলপাড় বিজেপির অন্দর। ব্যক্তিগত বিষয় হতে পারে। কিন্তু সময়টা বোঝা উচিত ছিল বলেছেন দলের কেউ কেউ। আবার কেউ বলেছেন, পরিচিত রাজনীতিকদের ব্যক্তিগত জীবন থাকলেও তিনি যাই করুন না কেন ভেবে চিন্তে করতে হয়। কারণ, তা নিয়ে চর্চা হয়। পাবলিক লাইফে থাকতে হয় রাজনীতিককে। আর তা যদি হয় দিলীপের মতো ডাকাবুকো নেতার ক্ষেত্রে, তাহলে আরও বেশি চর্চা যে হবে তা বলাই বাহুল্য। তার সঙ্গে সাযুজ্য রেখেই কি সমাজ মাধ্যমে নানা কটুক্তি, হাস্যকর মন্তব্য, শ্লেষ, শুভেচ্ছা নানা বিষয় দেখা যাচ্ছে দিলীপ ঘোষের খবর সংক্রান্ত কমেন্ট তালিকায়? কাটাছেঁড়া চলছে নানা মহলে।
সূত্রের খবর, পরিস্থিতি আগেভাগে আঁচ করেই দলের একাংশ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কেউ কেউ মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে বিয়ে না করার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিরস্ত্র করা যায়নি দিলীপকে। কারণ, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মায়ের জন্য সিদ্ধান্ত নিয়েছেন পুষ্পলতার পুত্র। তেমনই দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি। তবে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দিলীপ বিয়ে জনমানসে ভাবমূর্তি ক্ষুন্ন করল কি না তা নিয়ে মাথা ব্যথা বাড়চ্ছে পদ্ম শিবিরের।
এখানেই উঠে আসছে নানা মতামত। অনেকেই বলছেন, অন্য পেশার মানুষ বা অন্য জগতের কারও সঙ্গে বিবাহ বন্ধনে দিলীপ আবদ্ধ হলে বলার কিছু ছিল না। কিন্তু, মহিলা মোর্চার এক সদস্যকেই বিয়ে করছেন দিলীপ। আবার সেই দিলীপের হাতে ধরেই বিজেপিতে প্রবেশ ঘটে রিঙ্কু মজুমদারের। তাঁকেই কি না বিয়ে করছেন দিলীপ! এতে তথাগত রায়ের কামিনী কাঞ্চনের অভিযোগ প্রতিষ্ঠা পেল না? প্রশ্ন পদ্ম শিবিরের এক নেতার। দলের সংগঠনে বিশেষ করে মহিলা মোর্চার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগে অনেকেই হয়তো এবার একবারের জায়গায় তিনবার ভাববেন। বলছেন আরেক বিজেপি নেতা।