‘সারদাদেবী কোনওদিন মা হননি, কিন্তু সকলের মা’, নতুন বাংলা ছবিতে মায়ের চরিত্রে অপরাজিতা – Bengali News | Aparajita adhya revealed her character of upcoming movie
পয়লা বৈশাখে সুখবর। সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ-র তত্ত্বাবধানে তৈরি নতুন বাংলা ছবিতে মায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। অপরাজিতা জানালেন, ‘’মা-ছেলের গল্প এটা। মা ভালো। তবে ভীষণ কড়া। ছেলে কী করবে আর কী করবে না তা নিয়ে মায়ের যে ভাবনা, সেটা ঘিরে জটিলতা রয়েছে।’’ লক্ষণীয় অপরাজিতা মায়ের চরিত্র করেছেন, এমন ছবি বাংলার দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন এর আগে। যেমন মৈনাক ভৌমিক পরিচালিত ‘চিনি’। সেখানে অপরাজিতার মেয়ের চরিত্রটি করেছিলেন মধুমিতা সরকার।
অপরাজিতা বাংলা ধারাবাহিক হোক বা বাংলা ছবি, মায়ের চরিত্র ফুটিয়ে তোলেন অসাধারণভাবে। তিনি ব্যক্তিগত জীবনে মা হননি।
অভিনয়ের সময়ে কি চারপাশের মায়েদের দেখে প্রস্তুতি নেন? অপরাজিতার উত্তর, ‘সারদাদেবী কোনওদিন মা হননি, কিন্তু সকলের মা। মাদার টেরিজা কোনওদিন মা হননি। কিন্তু সকলের মা। মাতৃত্ব মানুষের মধ্যে থাকে। এটা একটা সত্তা। মা না হয়েও, মাতৃত্ব ভাষা জানা যায়। সেটা প্রয়োগ করা যায়। শুধু মা হলেই মাতৃত্ব অনুভব করা যায়, এমনও নয়। যে মা শুধু নিজের সন্তানের কথা ভাবে, সে স্বার্থপর। প্রকৃত মা শুধু নিজের সন্তানের কথা ভেবে বসে থাকতে পারে না। সে সকল সন্তানের কথাই ভাবে।’’
ছবিতে অপরাজিতার ছেলের চরিত্রে দেখা যাবে এক নামী অভিনেতাকে। ছবিটা সম্পর্কে এখনও কিছু ঘোষণা করা হয়নি প্রযোজক বা পরিচালকের তরফে। অপরাজিতার অভিনয় দেখার জন্য অপেক্ষা করেন দর্শকরা। এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাঁকে। তবে পরপর তিনটে ছবির কাজ চলছে অভিনেত্রীর। এর বাইরেও নাচ তাঁর প্যাশন। অপরাজিতার সোশ্যাল মিডিয়া পোস্টে তার ঝলক দেখা যায়। ১৮ তারিখ থেকে এই নতুন ছবির শুটিং শুরু করবেন, সে কথা জানালেন অভিনেত্রী।