টার্গেট পূরণে ব্যর্থ কর্মী, কুকুরের মতো গলায় বেল্ট পরিয়ে হাঁটানো হল অফিসে - Bengali News | Company faces investigation after forcing employees to crawl and lick coins for underperformance - 24 Ghanta Bangla News
Home

টার্গেট পূরণে ব্যর্থ কর্মী, কুকুরের মতো গলায় বেল্ট পরিয়ে হাঁটানো হল অফিসে – Bengali News | Company faces investigation after forcing employees to crawl and lick coins for underperformance

Spread the love

একটি বেসরকারি ব্যাঙ্কের কর্তা টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় অধস্তন কর্মীদের ব্যাপক গালিগালাজ করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রকাশ্যে চলে এসেছিল বেসরকারি ক্ষেত্রে চাকুরিজীবীদের কতটা অপমান কর্মক্ষেত্রে সহ্য করতে হয়। এবার আরও ভয়াবহ ছবি সামনে এল। এক প্রাইভেট মার্কেটিং ফার্মের কর্মী টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় তাঁকে কুকুরের মতো গলায় বেল্ট পরিয়ে, মাটিতে হামাগুড়ি দিয়ে হাঁটতে বাধ্য করা হল।

এখানেই শেষ নয়! শুধু কুকুরের মতো মাটিতে হামাগুড়ি নয়, কুকুর যেভাবে খাবার শোঁকে, সেভাবেই ওই কর্মীকে মেঝেতে নাক ঠেকিয়ে শুঁকতে বাধ্য করা হয়। মাটিতে পয়সা ফেলে মুখ দিয়ে তুলতে বলা হয়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। কেরলের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের শ্রম দফতর। শ্রম মন্ত্রী ভি শিবানকুট্টি বলেন, ‘কেরলের মতো রাজ্যে এই ঘটনা ঘটারই কথা নয়। এই ধরণের অভিযোগ বরদাস্ত করা যায় না। নিন্দনীয় বললেও একে কম বলা হবে। গোটা ঘটনায় তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’

একা ওই কর্মীই নন, অভিযুক্ত সংস্থার অন্যান্য কর্মীরাও কার্যত একই অভিযোগ করেছেন। টার্গেট পূরণ করতে না পারলে ওই সংস্থার কর্তারা অভব্য আচরণ করতেন তাঁদের সঙ্গে। অপমান করা হতই, সঙ্গে চলত শারীরিক নির্যাতনও। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে কর্মীরা একজোট হয়ে জানিয়েছেন, একটি ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে, কিন্তু এরকম ঘটনা আমাদের অফিসে আরও ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনায় হস্তক্ষেপ করেছে রাজ্য মানবাধিকার কমিশন। এক আইনজীবী মারফত অভিযোগ পেয়ে কেরল হাই কোর্টে মামলাও রুজু হয়েছে। কিন্তু এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যে বেসরকারি ক্ষেত্রে কর্মীদের কী প্রচণ্ড মানসিক ও কখনও শারীরিক নির্যাতনও সহ্য করে কাজ চালিয়ে যেতে হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *