চাকরি বাতিল, পরীক্ষা স্থগিত রেখে কর্মবিরতি স্যারদের, বিক্ষোভে সামিল পড়ুয়ারা - 24 Ghanta Bangla News
Home

চাকরি বাতিল, পরীক্ষা স্থগিত রেখে কর্মবিরতি স্যারদের, বিক্ষোভে সামিল পড়ুয়ারা

Spread the love

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষকের। তার প্রতিবাদে পরীক্ষা স্থগিত রেখে কর্মবিরতি করলেন স্কুলের অন্যান্য শিক্ষকরা। তাঁদের করা বিক্ষোভে সামিল হল বেশ কয়েকজন পড়ুয়া। যদিও অভিযোগ উঠছে, পড়ুয়াদের অনেকের জানাই ছিল না কী কারণে বিক্ষোভ। তাদের বিক্ষোভে সামিল হতে বলা হয়েছিল। হাতে প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া হয়েছিল। তবে উঁচু ক্লাসের কয়েকজন পড়ুয়া এই বিক্ষোভকে সমর্থন করেছে। তবে শিক্ষকরা পরীক্ষা স্থগিত রেখে এভাবে কর্মবিরতি করায় উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন: ‘সবাই খেলছে, আমরা এখন ভোটব্যাঙ্ক’, ধর্মতলায় রাত কাটাবেন শিক্ষকরা, বড় আন্দোলন!

জানা গিয়েছে, ওই স্কুলে ইউনিট টেস্ট চলছে। এদিন ছিল চতুর্থ পরীক্ষা। তবে পরীক্ষা যে স্থগিত করা হয়েছে, তা আগে থেকে জানানো হয়নি। ফলে পড়ুয়ারা স্কুলে এসে পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি জানতে পারেন। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল পরীক্ষা নেওয়া হবে। পরে স্কুলের মাঠে প্রায় দু’ঘণ্টা ধরে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় পড়ুয়াদের। এ বিষয়ে কয়েকজন পড়ুয়ার দাবি, দু’জন স্যর স্কুল থেকে চলে গিয়েছেন। তাঁদের ফিরিয়ে আনার দাবিতে এই বিক্ষোভ।

এ নিয়ে বিতর্ক শুরু হতেইজেলা স্কুল পরিদর্শক (উচ্চমাধ্যমিক) আশানুল করিম জানিয়েছেন, তিনি প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইবেন। অন্যদিকে, প্রধান শিক্ষক প্রদীপ সান্যাল জানান, অন্যান্য শিক্ষকরা সহকর্মীদের জন্য কর্মবিরতি করছেন। তিনি কর্মবিরতিতে যোগ দেননি। তবে পরীক্ষা নেওয়ার জন্য কোনও শিক্ষক না থাকায় তিনি পড়ুয়াদের বাড়ি চলে যেতে বলেন।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলের এক অঙ্কের শিক্ষক এবং এক বাংলার শিক্ষকের চাকরি গিয়েছে। অন্যান্য শিক্ষকদের দাবি, ওই দুই শিক্ষকের জন্য স্কুলের সুনাম বেড়েছে। ফলে জনপ্রিয় শিক্ষকদের চাকরি যাওয়া তাঁরা মেনে নিতে পারছেন না। সেই কারণে কর্মবিরতি পালন করছেন।

যদিও এমন ঘটনায় ক্ষুব্ধ হয়েছে অভিভাবক মহল। তাঁদের বক্তব্য, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তাঁদের ছেলেমেয়েরা স্কুলে গিয়েছিল। স্কুলে যাওয়ার পর তারা জানতে পারে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগে থেকে জানানো হয়নি। বিজ্ঞপ্তি না দিয়ে এভাবে পরীক্ষা বন্ধ রাখা একেবারে ঠিক নয় বলে অভিযোগ। যদিও পড়ুয়াদের একাংশ শিক্ষকদের কর্মবিরতিতে সমর্থন জানিয়েছে উঁচু ক্লাসের পড়ুয়াদের একাংশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *