Recruitment Case: দিল্লিতে রাহুলের দরবারে চাকরিহারারা

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এবার সেই চাকরিহারাদের কয়েকজনের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২০১৬ সালের শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। আবার চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পরিস্থিতিতে শনিবার নয়াদিল্লিতে চাকরিহারা পাঁচ শিক্ষকের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। ওই পাঁচ শিক্ষককে রাহুল গান্ধীর কাছে নিয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, চাকরিহারাদের কথা মন দিয়ে শুনেছেন রাহুল। এতদিন কী কী হয়েছে, লোকসভার বিরোধী দলনেতাকে জানান চাকরিহারারা। ধৈর্য ধরে সব কথা শোনেন রাহুল। যোগ্যরা যাতে চাকরি না হারান, সেই বিষয়ে শেষপর্যন্ত তাঁদের পাশে থেকে লড়াইয়ের বার্তা দেন তিনি।
আবার সোমবার (৭ এপ্রিল) ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁদের চাকরি বাতিল করা হয়েছে, তাঁদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে একটি আবেদন জানানো হয়েছে। তাঁরা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে। মমতা বলেন, “আমি যদি সেখানে উপস্থিত থাকি, তাহলে তারা খুশি হবে। আমি ৭ এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে তাদের কাছে যাব। তাদের কথা শুনব। শুনতে তো কোনও দোষ নেই। তাদের বলব, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না।”
