রাস্তা দিয়ে ছুটছে হাজার হাজার গাড়ি, তার পাশেই ঘটল কি না ভয়াবহ এই কাণ্ড!
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে উদ্ধার হল যুবকের দেহ। বুধবার ভোরে রাজীব নগর এলাকায় ফাঁকা জমিতে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জানা গিয়েছে, মৃতের নাম রিয়ান ওরফে এনায়েতুল্লাহ (২৭)। তাঁর মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে রাজীব নগরে ফাঁকা জমির মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখেন তাঁরা। কাছে গিয়ে তাঁরা দেখেন গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছেন রিয়ান নামে স্থানীয় এক যুবক। এর পরে খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। যুবকের মাথায় গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয়দের অনুমান, ভোর রাতের দিকে গুলি করা হয়েছে যুবককে। তবে কে বা কারা স্থানীয় ওই যুবককে খুন করল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের।