ABVP on Sougata Roy: ইন্ডিয়ান টিমে সৌগত রায়কে নেওয়ার জন্য BCCI-কে চিঠি ABVP-র – Bengali News | ABVP leader writes to BCCI, ‘Sougat Roy should be included in Indian team instead of Rohit Sharma’
কলকাতা: “অবসর নিয়ে নেওয়া উচিত। আজকেও যেভাবে স্ট্যাম্প আউট হয়েছে, সেটা উচিত হয়নি। সবাই আশা করেছিল, ভাল খেলছে। সেঞ্চুরি করবে। সেটা হয়নি।” ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই এ মন্তব্য করে বসেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যা রবিবার থেকে চাপানউতোর কম হচ্ছে না। তবে শুধু সৌগত নয়, রোহিত যে অবসর নেবেন সেই জল্পনা ক্রমশই তীব্রতর হচ্ছিল ফাইনালের আগে থেকেই। কিন্তু, দিনের শেষে সব জল্পনায় জল ঢেলে দেন রোহিত নিজেই। খেলার শেষে সাফ জানিয়ে দেন, এখনই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। জল্পনা-বিতর্কের আবহেই এবার সোজা BCCI কে চিঠি দিয়ে বসলেন এবিভিপি-র কেন্দ্রীয় কার্যসমিতির (Central Working Committee) সদস্য শুভব্রত অধিকারী। কী লিখলেন সেই চিঠিতে?
এবিভিপি নেতা চাইছেন, রোহিত শর্মার পরিবর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিমে জায়গা দেওয়া হোক সৌগত রায়কে। ইতিমধ্যেই একটি ই-মেল করে তিনি তাঁর দাবি বিসিসিআইয়ের কাছে পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে এ নিয়ে চাপা গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে।
এই চিঠি পাঠিয়েছেন এবিভিপি নেতা
এ প্রসঙ্গে টিভি৯ বাংলার তরফে শুভব্রতর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সাধারণ ক্রিকেটপ্রেমী নাগরিক হিসাবে শ্রদ্ধেয় দাদু শ্রী সৌগত রায়কে ইন্ডিয়ান ক্রিকেট টিমে জায়গা দেওয়ার জন্য BCCI এর সিলেকশন টিমের চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। এর সঙ্গে আমাদের সংগঠনের কোনও যোগাযোগ নেই। আমি ব্যক্তিগতভাবে এই চিঠি পাঠিয়েছি। ওনাকে সুযোগ দেওয়া হোক। উনি যেরকম প্রতিভার প্রদর্শন রোজ টিভিতে করেন সেরকম মাঠে করলে আমরা দেখার সুযোগ পাব।” এখানেই না থেমে তাঁর আরও সংযোজন, “আমরা একা কেন বাংলার মানুষ হিসাবে মজা নেব! গোটা দেশ তথা গোটা বিশ্বের মানুষ এরকম একজন বয়স্ক কমেডিয়ানের মজা নিক।”