জিৎ-প্রসেনজিতের সঙ্গে এবার পর্দা কাঁপাবেন সৌরভ! বড় চমক খাকি ২-এ – Bengali News | Is Sourav Ganguly making acting debut with Khakee: The Bengal Chapter?
টলিউডের সারির দুই দাপটে স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। এই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ। যে সিরিজ নিয়ে বেশ কিছু মাস ধরেই নানা জল্পনা তুঙ্গে। এরই মধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। বুধবার গোটা শহরজুরে বয়ে গিয়েছিল খাকি ঝড়।এরই মাঝে গত ২৪ ঘণ্টা ঘরে খবরের শিরোনামে উঠে এসেছে আরও এক চমক। এই সিরিজের প্রচারে উপস্থিত থাকবেন টলিউডের আরও এক জনপ্রিয় নায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নাহ, নায়ক তাঁর পরিচয় নয়। তিনি ২২ গজে মাস্টার। তবে ছোটপর্দার শো-এর সুবাদে এখন দর্শকদের সঙ্গে তাঁর নিত্য যোগাযোগ। এবার শোনা যাচ্ছে তিনি থাকছেন এই সিরিজের প্রচারে। আর সেখানেই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ। সৌরভ একেবারে খাকি পোশাক পরে শ্যুটিং করেছেন, যে ছবি দেখে চমকে উঠছেন সকলে। যদিও ‘খাকি ২’-তে তাঁর অভিনয় দেখা যাবে না, তবে এই প্রমোশনাল ভিডিয়োতে তাঁর উপস্থিতি দর্শকদের মনে বেশ উত্তেজনা তৈরি করেছে।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে গত মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই শুটিংয়ে উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন পরিচালক অয়ন সেনগুপ্ত, যিনি বর্তমানে সিরিজের এই বিজ্ঞাপনের পরিচালক হিসেবে কাজ করেছেন।
নীরজ পাণ্ডের এই ওয়েব সিরিজের প্রথম পর্বে বিহারের অপরাধ জগত দেখানো হয়েছে। আর দ্বিতীয় পর্বে বাংলা রাজ্যের অপরাধ জগত, পুলিশের কার্যক্রম ও তার অন্ধকার দিকগুলি তুলে ধরা হবে। এই সিরিজে জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক এবং রাহুল বোস। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ২০ মার্চ মুক্তি পাচ্ছে।