NRS থেকে ছাড়া পেলেন ট্যাংরার দে বাড়ির ছোট কর্তা, প্রসূনকে হাসপাতাল থেকে সটান থানায় নিয়ে গেল পুলিশ!, বাংলার মুখ
আজই কি গ্রেফতার করা হবে ট্যাংরা কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত তথা দে বাড়ির ছোট কর্তা প্রসূন দে-কে? তেমন একটা সম্ভাবনা রয়েছে বলেই দাবি সংশ্লিষ্ট সূত্রের। যদিও শেষ পাওয়া খবর অনুসারে, এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছুই ঘোষণা করা বা জানানো হয়নি।
তবে, ইতিমধ্যেই যে বিষয়টি জানা গিয়েছে, তা হল – আজ (সোমবার – ৩ মার্চ, ২০২৫) কলকাতার এনআরএস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে প্রসূন দে-কে। আর হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাঁকে সটান নিয়ে যাওয়া হয়েছে ট্যাংরা থানায়।
যদিও এখনও পর্যন্ত কলকাতার এই সরকারি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন প্রসূন দে-র দাদা তথা দে বাড়ির বড় কর্তা প্রণয় দেয় এবং প্রণয়ের নাবালক ছেলে প্রতীপ দে।
এদিকে, ট্যাংরার ঘটনায় ইতিমধ্যেই জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রসূনের শ্বশুরমশাই। আগেই জানা গিয়েছিল, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই পুলিশের প্রশ্নের মুখে প্রসূন নাকি স্বীকার করেছেন, তিনিই তাঁর স্ত্রী রোমি ও বড় বউদি সুদেষ্ণার হাতের শিরা কেটেছিলেন! তিনিই তাঁদের খুন করেছিলেন! এমনকী নাবালিকা প্রিয়ম্বদার খুনের নেপথ্য়েও প্রসূনের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হচ্ছে।