Nadia: হাসপাতালে বমি করে ফেলেছে অসুস্থ শিশুকন্যা, বাবাকে দিয়ে পরিষ্কার করালেন চিকিৎসক! - Bengali News | Doctor allegedly forces a patient father to clean the hospital after his daughter vomits in Shantipur state general hospital - 24 Ghanta Bangla News
Home

Nadia: হাসপাতালে বমি করে ফেলেছে অসুস্থ শিশুকন্যা, বাবাকে দিয়ে পরিষ্কার করালেন চিকিৎসক! – Bengali News | Doctor allegedly forces a patient father to clean the hospital after his daughter vomits in Shantipur state general hospital

Spread the love

বাঁদিকে চিকিৎসক তন্ময় সরকার, ডানদিকে শিশুকন্যার বাবা

শান্তিপুর: হাসপাতালে নেই পর্যাপ্ত সাফাইকর্মী। তাই চিকিৎসা করাতে আশা নাবালিকা শিশুকন্যার বমি পরিষ্কার করানো হল তার বাবাকে দিয়েই। ঘটনায় হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুকন্যার বাবা। ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন সুপার। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক। ‘অমানবিক’ এই দৃশ্যের সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে শান্তিপুর হরিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল তাঁর পাঁচ বছরের শিশুকন্যাকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসেন। তাঁর মেয়ের জ্বর ছিল। সঙ্গে বমির সমস্যা। তখনই হাসপাতালের এমার্জেন্সিতে বমি করে ফেলে ছোট্ট নাবালিকা শিশুটি। অভিযোগ, হাসপাতালের ভিতরে বমি করায় শিশুকন্যার বাবাকে বমি পরিষ্কার করতে বলা হয়। জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করান এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। সেই ঘটনার ভিডিয়ো সামনে এসেছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা)।

ওই শিশুকন্যার বাবা বলেন, তিনি ডাক্তারকে একাধিকবার বললেও তাঁর কথা শোনা হয়নি। চিকিৎসক জানান, এটা রোগীর পরিবারের কর্তব্য। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরলেও শুক্রবার শান্তিপুর হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানান সমীর শীল। শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হবে। অভিযোগ সঠিক হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

এই খবরটিও পড়ুন

অপরদিকে অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকার দাবি করেন, শিশুকন্যার বাবা নিজেই বলেছিলেন, তিনি বমি পরিষ্কার করে দেবেন। তাই তিনি বমি পরিষ্কার করার কথা বলেন। তবে তাঁকে কোনওরকম জোর করা হয়নি। এরপরও যদি রোগীর পরিবার অভিযোগ করেন তাহলে তাঁর কিছু বলার নেই। তাঁর আরও যুক্তি, “হাসপাতালে সাফাইকর্মীর অভাব। সেইসময় সাফাইকর্মী ছিল না। উনি যদি বমি পরিষ্কার না করতেন, তবে আমাকেই পরিষ্কার করতে হত।”

অপরদিকে এই ঘটনা সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এই ‘অমানবিক’ চিত্র সামনে আসতেই রাজ্যের শাসকদল এবং রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী দল বিজেপি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *