Harshit Rana: অভিষেকেই তিন উইকেট, হর্ষিত রানার অনাকাঙ্খিত লজ্জার রেকর্ড – Bengali News | Harshit Rana scripts unwanted record in his ODI Debut against England at Nagpur
স্বপ্নের সফর! বলাই যায়। দীর্ঘ সময় ধরেই টিম ইন্ডিয়ায় রয়েছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ঘরের মাঠে গত বাংলাদেশ সিরিজেই হয়তো অভিষেক হতে পারত। অসুস্থতার কারণে ওয়েটিং লিস্টেই থাকতে হয়েছিল। অবশেষে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে আন্তর্জাতিক অভিষেক। টেস্ট ক্রিকেট দিয়েই প্রবেশ। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে এই ফরম্যাটে অভিষেক। তাও আবার কনকাশন পরিবর্ত হিসেবে। কয়েক দিনের ব্য়বধানে ওয়ান ডে অভিষেকও হয়েছে। গত কাল ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ডেবিউতে অবশ্য ভালো পারফরম্যান্সেও লজ্জার রেকর্ড গড়েছেন তরুণ পেসার হর্ষিত রানা।
নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ৪ উইকেটে জিতেছে ভারত। জয়ের ব্য়বধান হয়তো বাড়তেই পারত। বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছিলেন। যার জেরে ভারতের সামনে টার্গেট ছিল মাত্র ২৪৯ রান। ৫০ ওভারের ফরম্যাটে এই টার্গেটকে বিশাল বলা যায় না। জয়ের দোড়গোড়ায় পৌঁছে তিন উইকেট হারিয়েছিল ভারত। যা অস্বস্তির। বোলারদের মধ্যে তিনটি করে উইকেট রবীন্দ্র জাডেজা এবং অভিষেক ম্যাচ খেলতে নামা হর্ষিত রানার। ভালো পারফরম্যান্সেও অবশ্য লজ্জার রেকর্ডও গড়েছেন হর্ষিত।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ৭ ওভার বোলিং করেছেন হর্ষিত। একটি মেডেন সহ ৫৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ইকোনমি ৭.৫৭। যদিও এটা প্রথম ম্যাচের নিরিখে খুব খারাপ বলা যায় না। কিন্তু এর মাঝেই অন্য লজ্জার রেকর্ড। এর মধ্যে এক ওভারে ২৬ রানও দিয়েছেন হর্ষিত। ভারতীয় বোলারদের মধ্যে অভিষেকেই কোনও এক ওভারে এটিই সর্বাধিক রান। আগামী ম্যাচগুলিতে হর্ষিত ঘুরে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা ভারতীয় ক্রিকেট প্রেমীদের।