Parliament: ‘শিকল পরিয়ে দেশে ফেরানো’, ট্রাম্পের কাজ কারবার দেখে সংসদে মুখ খুললেন বিদেশমন্ত্রী – Bengali News | ‘This is not first time’, Jaishankar Addresses on US Deportation Row in Rajya Sabha
নয়াদিল্লি: পুশব্যাক ইস্যুতে অবশেষে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের ভারতে ফিরিয়েছে ট্রাম্পের প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর বিমান সি-১৭ করে অমৃতসর বিমানবন্দরে নেমেছে সেই ১০৪ জন অবৈধ অভিবাসী।
একটি ভিডিয়োতে দেখা যায়, এদের বিমানে তোলার সময় হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রেখেছিল মার্কিন পুলিশ। আর সেই ঘটনাকে ‘অমানবিক’ ও ‘অপমানজনক’ বলে সংসদ চত্বরে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যার জেরে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি পড়ে যায় সংসদে।
তাঁর অভিযোগ, ‘এই ঘটনা সম্পূর্ণভাবে অমানবিক। তাদের হাতে হাতকড়ি, পায়ে শিকল পরানো ছিল। যা সমস্ত ভারতীয়দের জন্য অপমানজনক একটি ঘটনা। আর এরপরেও চুপ রয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি, একটা রাও কাটেনি বিদেশমন্ত্রক।’
এরপরেই বিরোধীদের সকল অভিযোগের ভিত্তিতে সংসদে মুখ খোলেন বিদেশমন্ত্রী। এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এই ঘটনা নতুন কিছু নয়। প্রত্যেক বছরই আমেরিকা থেকে প্রত্যার্পণের ঘটনা ঘটে থাকে। তারা সেদেশে অবৈধ ভাবে থাকলেও, আমাদের দায়িত্ব সেই সকল নাগরিকদের আবার ফেরত নেওয়া।’
পাশাপাশি, বিরোধীদের ‘অমানবিক’ ছবির অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিবাসীদের হাতকড়ি পরিয়ে বিমানে তোলার বিষয়ে ট্রাম্পের প্রশাসনের দিকেই দায় ঠেলে দিয়েছেন বিদেশমন্ত্রী। তাঁর কথায়, ‘হাতকড়ি পরিয়ে, পায়ে শিকল বেঁধে বিমানে তোলার বিষয়টি সম্পূর্ণভাবেই আমেরিকার নিজস্ব নীতি।’
