China on Trump Tariff: ইটের বদলে পাটকেল! বিনা অস্ত্রেই ট্রাম্পের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ চিনের – Bengali News | A Trade War Between China and USA, Xi Jinping Imposed Tariff on Crude Oil, Launch Probe into Google
ওয়াশিংটন: ইটের বদলে পাটকেল। কানাডার জুতোতেই পা গলিয়ে ট্রাম্পের দিকে পাল্টা বোমা ছুঁড়লেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতায় ফিরতেই কানাডা, মেক্সিকো ও চিনের থেকে আমদানি করা পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে যে বিনা অস্ত্রে একটা যুদ্ধের ঘোষণা করেছেন তিনি, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
এই শুল্কের জেরে শুধু আন্তর্জাতিক রাজনীতিতেই অস্থিরতা তৈরি হয়েছে এমনটা নয়। বাড়তি করের জেরে সেদেশের অন্দরে তৈরি হয়েছে মূল্যবৃদ্ধি বাড়ার আশঙ্কা। দেশের ভিতরেও সমালোচনার মুখে পড়েছেন সদ্য় নির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু তাতে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। বরং তাঁর দাবি, ‘যারা আমদানি শুল্কের বিরোধিতা করছেন, তারা আসলে চিনপন্থি। আর নয়তো কোনও দেশি-বিদেশি সংস্থার কথায় উঠছে-বসছে।’
উল্লেখ্য, ইতিমধ্যে ট্রাম্পের এমন ‘ক্ষমতার আস্ফালনে’ ক্ষেপেছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমেরিকার আমদানি শুল্কের বিরোধিতা করে, সেদেশের পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি।
এবার ট্রুডোর জুতোয় পা গলিয়ে একই পন্থা নিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিনা অস্ত্রেই কার্যত ট্রাম্পের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে সেদেশের সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও প্রাকৃতিক গ্যাসে ১৫ শতাংশ শুল্ক চাপাচ্ছে চিন। অপরিশোধিত তেলের ক্ষেত্রে চাপানো হচ্ছে ২৫ শতাংশ শুল্ক। পাশাপাশি, চিনের জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে শুরু হবে তদন্ত।
ট্রাম্পের বিরুদ্ধে কানাডা-চিন বুক চিতিয়ে দাঁড়ালেও, ভয়ে মাথা নুইয়েছে মেক্সিকো। সংবাদমাধ্য়ম সূত্রে খবর, শুল্কের বোঝা কমাতে ট্রাম্পের কাছে কাকুতি মিনতি করেছেন সেদেশের প্রেসিডেন্ট ক্লাডিয়া সেনবাম। এর ফলে যে এক মাসের জন্য় এই শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত হতে পারে বলেও ইঙ্গিত দিচ্ছেন তিনি।
