Kolkata: মর্মান্তিক ঘটনা! ট্যানারির বর্জ্যে নামতেই দম আটকে মৃত্যু তিন পুরকর্মীর – Bengali News | Three temporary municipal workers died while working in tannery waste
কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্সে থানা এলাকায় মর্মান্তিক মৃত্যু। ট্যানারির বর্জ্যে নেমে কাজ করার সময় পুরসভার তিন অস্থায়ী কর্মীর মৃত্যু। ৭ নম্বর জোনের ৭৭৪ নম্বর ট্যানারির ঘটনা। শ্বাসরোধ হয়েই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
সূত্রের খবর, ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য এদিন সকালে কাজে নেমেছিল কয়েকজন শ্রমিক। তারমধ্যে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। চামড়া বর্জ্যের গন্ধেই শ্বাসরোধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ট্যানারির দায়িত্বে থাকা লোকজনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপাউত্তেজনা তৈরি হয়েছে। মৃত্যুর দায় কার তা নিয়েও উঠছে প্রশ্ন।
মৃত্যু হয়েছে, ফাইজান শেখ, হাজী সেখ, সুমন সর্দারের। এর মধ্যে দু’জনের বাড়ি মুর্শিদাবাদে বলে জানা যাচ্ছে। তিনজনেই একটি ট্যাঙ্কার পরিষ্কার করছিলেন বলে খবর। সূত্রের খবর, সেই সময় একটি ড্রেনে কাজ করার সময় বর্জ্যের মধ্যে ডুবে যায় তিনজনই। নোংরার মধ্যে মুহূর্তেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাঁদের। দ্রুত তাঁদের উদ্ধার করা হলেও আর বাঁচানো যায়নি।