Haridwar: ‘সারবে ব্লাড ক্যান্সার’, সন্তানকে নিয়ে ৫ মিনিট ধরে চলল ডুব, তারপর… – Bengali News | 7 years old suffering from blood cancer most pathetic way he die
হরিদ্বার: বিশ্বাসে মিলায় বস্তু আর অন্ধবিশ্বাসে…। কী কী হতে পারে তার কোনও সীমা-পরিসীমা নেই! সন্তানের ব্লাড ক্যান্সার। চিকিৎসরাও জবাব দিয়ে দিয়েছেন। সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা দিন কাঁদেন মা। এদিকে বোনের এই কষ্ট চোখে দেখতে না পেরে পরামর্শ দিলেন ওই মহিলার দিদি। এরপর যা হল আঁতকে ওঠার মতো ঘটনা। হরিদ্বারের সেই ঘটনা ফিরছে সকলের সোশ্যাল মিডিয়ায়।
সাত বছরের করুণ অবস্থার কথা দিদিকে জানিয়েছিলেন ওই মহিলা। তিনি এক বাবার কাছে নিয়ে যান তাঁকে। সেই বাবা পরামর্শ দেন, ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে গঙ্গায় ডুব দিক মা। তাতেই হবে অসাধ্য সাধন। এরপরই ছেলেকে নিয়ে হরিদ্বারে যায় ওই পরিবার।
সেখানে ছেলেকে নিয়ে মা, বাবা ও মাসি ৫ মিনিট ধরে ডুব দিতে থাকেন গঙ্গায়। গঙ্গার ধারে যাঁরা ছিলেন, তাঁদের গোলমাল ঠেকে। এরপরই খবর দেন পুলিশে। তারা গিয়েই ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। ব্লাড ক্যান্সার প্রাণ কাড়ার আগে অনবরত গঙ্গায় ডুবে দম আটকে শেষ হয়ে গেল ছেলেটি।
পরে পুলিশ জানতে পারে, দিল্লিতে একটি হাসপাতালে চিকিৎসা চলছিল ছেলেটির। ডাক্তার জবাব দিয়ে দেওয়ার পরই অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরে হরিদ্বার এসে পৌঁছয় পরিবার। পুলিশ জানিয়েছে, দেহটির ময়না তদন্ত হবে।