Sheikh Hasina: আঙুল বেঁকাচ্ছে ইউনূস, ভারতে এসে হাসিনাকে জেরা করতে চায় তদন্ত কমিশন – Bengali News | Bangladesh Investigation Agency Wants to Interrogate Sheikh Hasina in India if Permission Given
ঢাকা: হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে শতাধিক মামলা। কিন্তু ভারত সরকার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তবে এ দেশে এসেই হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ভারত অনুমতি দিলেই হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে তারা।
সোমবার,৬ জানুয়ারি রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বিডিআর হত্যাযজ্ঞে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, “দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে।”
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, “ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনও নিরাপত্তা ও গাড়ি না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।”
মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, “বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে। বিগত ১৬ বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। এখন যা হওয়ার, তা খোলামেলাভাবে হবে।”
তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে, এই আশ্বাস দিয়ে তিনি বলেন, “সময় বাড়ানোর কোনও ইচ্ছা নেই। তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। কমিশন চায়, সবাই যেন ন্যায়বিচার পায়।”
