Amit Shah- JP Nadda: রাম মন্দির দর্শনে যাবেন অমিত শাহ-নাড্ডা, কবে যাচ্ছেন তাঁরা? – Bengali News | Amit Shah JP Nadda likely to go Ayodhya Ram Mandir on end of this month or early february
অমিত শাহ ও জেপি নাড্ডা। ফাইল ছবি।Image Credit source: ANI
অযোধ্যা: দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই মন্দিরের উদ্বোধন করেছেন। সেদিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দেশ-বিদেশের কয়েক হাজার অতিথি মন্দির চত্বরে উপস্থিত হলেও ছিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডাও। চলতি মাসের শেষেই তাঁরা মন্দির দর্শনে যাবেন বলে সূত্রের খবর। তবে রামলালা দর্শনে যেভাবে মন্দির চত্বরে ভিড় উপচে পড়ছে, তার জন্য অমিত শাহ, নাড্ডার মতো নেতাদের মন্দিরে আসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাম মন্দির কর্তৃপক্ষ।
বিজেপি সূত্রে খবর, চলতি মাসের শেষে অথবা ফেব্রয়ারির গোড়ায় অযোধ্যার রাম মন্দির পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাঁদের পরিদর্শনের পর বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাম মন্দির দর্শনে যাবেন।
এই খবরটিও পড়ুন
এদিকে, সর্বসাধারণের জন্য রাম মন্দির খোলার প্রথম দিন থেকেই সাধারণ মানুষের ঢল নেমেছে রাম মন্দির চত্বরে। মঙ্গলবারই প্রায় ৫ লক্ষ ভক্তের আগমন ঘটেছিল রাম মন্দিরে। অতিরিক্ত ভিড়ের জেরে রক্তপাতও হয়েছে। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে মন্দির কর্তৃপক্ষ থেকে প্রশাসন। যার জেরে রামলালা দর্শনের সময় বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে যদি হঠাৎ করে শাহ, নাড্ডার মতো ভিভিআইপি-রা মন্দির দর্শনে আসেন, স্বাভাবিকভাবেই ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। ভিভিআইপি নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। তাই ভিভিআইপি-রা রামলালার দর্শনে এলে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন বা মন্দির কর্তৃপক্ষকে আগাম খবর দেওয়ার আবেদন জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট।