অভিষেকের নাম করে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার ৩ – Bengali News | Accused of withdrawing money in the name of Abhishek Banerjee, arrested 3
কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির ঘটনায় গ্রেফতার তিনজন। সেই মামলায় এবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলছে কলকাতা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টা করার অভিযোগে এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তিনজনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের হস্টেলের বুকিং চলত কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নাম করে।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে টাকা চেয়ে ফোন। ফোনেই ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। শেক্সপিয়ার সারণি থানায় অভিযোগ দায়ের হতেই অ্যাকশনে নামে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে কিড স্ট্রিটের MLA হোস্টেল থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধরা পড়েছে জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক, তাসলিম শেখ নামে তিন জন। এদের প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।
কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে দেখা করার কথাও বলা হয়। দেখা না করলে পদ চলে যাওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। তারপরই চাওয়া হয় টাকা। আইপ্যাক ডিরেক্টর প্রতিম জৈনেরও নাম নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্পষ্ট বলা হয়, ‘আপনাদের সরিয়ে দেওয়া হবে। থাকতে গেলে দেখা করুন। টাকা নিয়ে আসুন।’ দেখা করার জন্য বিধায়ক আবাসনে ডাকা হয়। একইরকম ফোন যায় কাটোয়ার পুর প্রধান সমীর সাহার কাছেও। কালনা পুরসভার চেয়ারম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জানালে সেখান থেকে থানায় অভিযোগ জানাতে বলা হয়। তারপরই ফাঁদ পাতে পুলিশ। টাকা দিতে যাওযার নাম করে সাদা পোশাকে পুলিশ যায় আনন্দবাবুর সঙ্গে। বিধায়ক আবাসন থেকে ধরা হয় তিনজনকে। কোন এমএলএর নাম করে রুম বুক রয়েছে তার খোঁজ শুরু করে পুলিশ। জানা যায়, উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক নামে বুক ছিল ঘরটি। বিধায়কের নাম নিখিলরঞ্জন দে। তিনি কোচবিহারের বিজেপি বিধায়ক। ইমরান শেখের নামে রুম বুক করেছিলেন। সূত্রের খবর, ইতিমধ্য়েই বিজেপি বিধায়ককে তদন্তে জন্য ডাকার প্রক্রিয়ায় শুরু করছে পুলিশ।
