Virat Kohli: ব্রিসবেন বিরাট কোহলির জন্য ‘অপয়া’! এ বার ঘুরবে খেলা? – Bengali News | Virat Kohli need two run at Brisbane to suppress Rahul Dravid in Test runs against Australia
Virat Kohli: ব্রিসবেন বিরাট কোহলির জন্য ‘অপয়া’! এ বার ঘুরবে খেলা?Image Credit source: PTI
কলকাতা: অস্ট্রেলিয়ায় খেলা উপভোগ করেন কিং কোহলি। ডনের দেশে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে রেকর্ড ভালোই। এ বারের অজি সফরে পারথ টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। এরপর অ্যাডিলেডে গোলাপি বল টেস্টে অবশ্য চলেনি তাঁর ব্যাট। ৭ ও ১১ দুই ইনিংসে এই ছিল বিরাটের ব্যাটে আসা রান। এ বার ব্রিসবেনে বিরাটের হতে চলেছে ভাগ্যপরীক্ষা। পরিসংখ্যান বলছে, গাব্বা কোহলির জন্য় পয়া প্রমাণিত হয়নি। তিনি ২০১৪-১৫ মরসুমে অজি সফরে একবারই ব্রিসবেনে খেলেছেন। তাতে দুই ইনিংসে মোট ২০ রান করেন। এ বার কি ঘুরবে খেলা?
ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি এর আগে ব্রিসবেনে যে বার খেলেছিলেন তাতে দুই ইনিংসে ১৯ ও ১ রান করেছিলেন। এ বার এই ছবিটা বদলে ফেলতে চান কোহলি। শনিবার শুরু হবে এ বারের বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। ব্রিসবেনে বিরাট কোহলির সামনে থাকছে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের এক রেকর্ড ভাঙার হাতছানি। কামিন্সদের বিরুদ্ধে গাব্বায় ব্যাট হাতে বিরাট ১ রান করলেই স্পর্শ করবেন রাহুল দ্রাবিড়কে। আর দু’রান করলেই দ্রাবিড়কে ছাপিয়ে যাবেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৬২ ইনিংসে দ্রাবিড় করেছেন ২১৬৬ রান। এই মুহূর্তে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮টি টেস্ট ইনিংসে করেছেন ২১৬৫ রান। ফলে ব্রিসবেনে বিরাট ২ রান করলেই টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যারকে পিছনে ফেলতে পারবেন।