Gold Recovered: খাবারের পুঁটলির গিট খুলতেই জ্বলজ্বল করে উঠল, এই বাজারে ফের ৩ কোটির সোনা উদ্ধার – Bengali News | Gold recovered 3 crore gold biscuits recovered from border, smuggler arrested
সোনার বিস্কুট উদ্ধারImage Credit source: TV9 Bangla
কলকাতা: যেভাবে চাষিরা খাবার পুঁটলিতে বেঁধে কাঁধে নিয়ে মাঠে যান, ঠিক তেমনই। সেই রকমই একটি পুঁটলি কাঁধে ইছামতী পার করছিলেন বছর পঁচিশের এক যুবক। নদী পেরিয়ে জঙ্গল আর তারপর বাঁশবন ধরে এগোচ্ছিলেন সীমান্তের দিকে। আর তাঁর সঙ্গে ছিলেন আরও দু’জন। অত্যন্ত সন্তর্পণে এগোচ্ছিলেন। আর সেটাই নজর কেড়েছিল সীমান্তরক্ষী বাহিনীদের। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পিছু নেন। সন্দেহ হয়। তারপর তাঁদের ডাকতে থাকেন। সাড়া না দিয়ে আরও দ্রুত পা চালান তিন যুবক, তারপর দৌড়। বেশ কয়েক কিলোমিটার দৌড়েও পার পেলেন না তিন যুবক। ধরা পড়ে যান বিএসএফ জওয়ানদের হাতে। পুঁটলির বেল্ট খুলতেই চোখ ধাঁধিয়ে যায় দুঁদে কর্তাদের। সোনার বিস্কুট, সোনার বাঁট। উত্তর ২৪ পরগনার হালদারপাড়া এলাকা থেকে ৪ কিলো সোনা উদ্ধার করলেন ৫ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। যার আনুমানিক বাজার মূল্য ৩,০৯,৭০,২৭৩ অর্থাৎ প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা। এক পাচরকারীকেও গ্রেফতার করেছে বিএসএফ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে ইছামতীর ধারে টহল দেওয়ার সময়েই ওই তিন যুবককে নদী পেরিয়ে জঙ্গল উজিয়ে বাংলাদেশের দিকে যেতে দেখা গিয়েছিল। তাদের থামতে বলা হলে. দৌড়ে পালানোর চেষ্টা করেন। অনেকটা ধাওয়া করে এক জনকে বাগে আনতে পারেন বিএসএফ কর্তারা। বাকি দুজন পালিয়ে যান। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রসেনজিৎ মণ্ডল।
এই খবরটিও পড়ুন
ধৃত জেরায় জানিয়েছেন, তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোষপাড়ায়। রবিবার রাতে তাঁর বাড়িতে এক ব্যক্তি আসেন। তাঁকে বলেছিলেন, সোনা বাংলাদেশের এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে। ইছামতীর ধারে দু’জন তাঁর জন্য অপেক্ষা করবে। সেই মতো বাকি দুজন অপেক্ষা করছিলেন। তিন জনে তাঁরা বাংলাদেশের দিকে যাচ্ছিলেন। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।