ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বিসিসিআই! – Bengali News | India will not travel to Pakistan for 2025 ICC Champions Trophy
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বিসিসিআই!Image Credit source: X
কলকাতা: আর কোনও ধোঁয়াশা নয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছে, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া। পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) আয়োজক পাকিস্তান (Pakistan)। যে সময় এই দায়িত্ব পাকিস্তান পেয়েছিল, তারপর থেকেই একাধিক বার উঠে এসেছে ভারত প্রসঙ্গ। শুরু থেকেই বার বার শোনা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য কোনও মতেই পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া (Team India)।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তানের মাটিতে চলবে আট টিমের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ বার আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে খেলতে না যাওয়ার কারণ। ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে জানিয়েছে, এই টুর্নামেন্ট খেলতে টিম ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়ার জন্য কেন্দ্রের সবুজ সংকেত মেলেনি। বোর্ডের পক্ষ থেকে মৌখিক ভাবে এ বিষয়ে আইসিসিকে জানানো হয়েছে। এ বার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বিসিসিআইয়ের লিখিত বিবৃতি দেওয়ার পালা।
এই খবরটিও পড়ুন
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর এ বার আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অন্য পরিকল্পনা করতে হচ্ছে। যেখানে ফের ঘুরে ফিরে হাইব্রিড মডেল আসছে। যেখানে এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলি পাকিস্তানের বাইরে হবে। এবং অন্য দেশের ম্যাচগুলি পাকিস্তানের মাটিতেই হবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার ম্যাচের ভেনু হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরশাহি ও শ্রীলঙ্কার নাম। উল্লেখ্য, এখনও অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও টিকিট বিক্রি হওয়ার বিষয়ে কিছু জানায়নি আইসিসি।