Kultali: নগ্ন ছবি দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ – Bengali News | Kultali Alleged physical assault of a housewife multiple times
কুলতলিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ Image Credit source: TV9 Bangla
দক্ষিণ ২৪ পরগনা: নগ্ন ছবি দেখিয়ে কুলতলিতে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ। সঙ্গে ব্ল্যাকমেইলে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের লোককে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে কুলতলি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা।
নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী কাজের জন্য কেরলে থাকেন। স্বামীর অবর্তমানে অভিযুক্ত যুবক দিনের পর দিন ওই মহিলাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ।বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণ করে নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। আর সেভাবে আরও একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ।
বছর খানেক আগে ওই মহিলা কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে তাঁর স্বামীকে গোটা বিষয়টি জানান। ওই মহিলা এর আগেও আত্মহত্যা চেষ্টা করেছেন বলে দাবি তাঁর স্বামীর। শেষমেশ কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে কুলতলি থানার পুলিশ।
