Fire Incident in Kolkata: কালীপুজোর আগের রাতে বিধ্বংসী আগুন ট্যাংরায়, পুড়ে ছাই সবকিছু – Bengali News | Fire Incident in Kolkata: In Kolkata At Tangra South Canel Road Fire Incident Took Place
ভয়াবহ আগুন ট্যাংরায়Image Credit source: Tv9 Bangla
কলকাতা: দীপাবলির আগের রাতে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৭ ক্যানেল সাউথ রোডে কাঁচা চামড়ার গোডাউনে ভয়াবহ আগুন। প্রাথমিক অবস্থায় দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে দমকলের আরও দু’টি ইঞ্জিনকে পৌঁছতে হয় ঘটনাস্থলে।
জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ গোডাউন থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও পোড়া গন্ধ পান তাঁরা। সঙ্গে সঙ্গে আর দেরি না করে খবর দেওয় হয় পুলিশ এবং দমকলে। এলাকাবাসীর দাবি, গোডাউনের ভিতর একজন আটকে ছিল। কিন্তু সঠিক সময় তাঁকে নিরাপদ জায়গায় বের করে আনেন স্থানীয় মানুষজন। তাঁদের বক্তব্য, চামড়ায় রং করার কাজ হত গোডাউনে। ফলে, ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল, যার জন্য আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। প্রথমে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তারপর ফের দুটি আসে। এরপর দু’ঘণ্টার চেষ্টায় আগুন যখন নিয়ন্ত্রণে আনে,ততক্ষণে পুড়ে ভস্মীভূত গোডাউন। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা যখন এ দিকে ছিলাম তখন সাড়ে এগারোটা বাজে। এরপর বাড়ি চলে যাই। হঠাৎ শুনছি আগুন লেগে গিয়েছে। এরপর ফোন করলাম দমকলকে। দশ মিনিট পর ওরা আসে। মনে হচ্ছে দাহ্য বস্তু থেকে আগুন লেগেছে। যা ছিল সব পুড়ে গিয়েছে।”
প্রসঙ্গত, বছরখানেক আগে একই গলিতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তিন দিন পর্যন্ত ছিল সেই আগুনের রেশ। ফলে আরও একবার অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
