‘চাটা মল্লিক, ফাটা মল্লিক’, নাম না করেই কাঞ্চনকে তোপ ঋত্বিকের – Bengali News | Ritwick chakraborty opens up on kanchan mullick controversial statement
আরজি কর-কাণ্ডে রাজ্য জুড়ে চলা প্রতিবাদের আবহে আবারও একবার বিতর্কের শিরোনামে কাঞ্চন মল্লিক। যাঁরা কর্মবিরতিতে অংশ নিচ্ছেন, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো? খানিকটা কৌতুকের ঢঙেই এই প্রশ্ন তুলেছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে একে একে মুখ খুলছেন তাঁরই বন্ধু-সহকর্মীরা। প্রতিবাদ জানাচ্ছে টলিপাড়া। সুজন নীল মুখোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায় সকলেই খুলেছেন মুখ। এবার সরব হলেন ঋত্বিক চক্রবর্তী।
কাঞ্চন মল্লিক ঠিক কী বলেছেন, তাঁর কথায় “যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?” সরকারি পুরস্কার গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। যে চিকিৎসকরা প্রায় এক মাস ধরে বিচার আর নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চন বলেছেন, ‘এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দু’বার ভাবেন।’
এই খবরটিও পড়ুন
এরপরই অনেকের মতই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কাঞ্চনের উদ্দেশে লিখলেন, ‘ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টা টা মল্লিক’। নাম না করেই তিনি তোপ দাগলেন কাঞ্চন মল্লিককে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে কাঞ্চন মল্লিকের মন্তব্য। সকলেই করছেন তীব্র প্রতিবাদ। অনন্যা চট্টোপাধ্যায় তাঁকে সাবধান করে লেখেন, ‘কাঞ্চন মল্লিক, আপনি এই কথাগুলো বলতে পারলেন? একবার নিজের কথাগুলো কানে শুনেছেন? শুনে কি লজ্জা পেয়েছেন? আপনারা জনগণের অভিভাবক। আপনাদের ওপর থেকে মানুষের বিশ্বাস ভরসা সরে যেতে দেবেন না এইভাবে। একা হয়ে যাবেন একদিন। চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাবেন না। দায়িত্ব নিয়ে কথা বলুন। পার্টি (রাজনীতি) করলেই সবাই খারাপ মানুষ হয়ে যায় না। এই বিশ্বাসের জন্মদিন। আপনি জননেতা।’