Chief Secretary Manoj Pant: এবার তাঁর কাঁধে মুখ্যসচিবের দায়িত্ব, কে এই মনোজ পন্থ? – Bengali News | Who is West Bengal’s newly appointed chief secretary Manoj Pant?
রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ
কলকাতা: একদিন আগেই তাঁর দফতর বদলানো হয়েছিল। অর্থসচিব থেকে তাঁকে সেচ ও জলসম্পদ দফতরের অতিরিক্ত সচিব করা হয়েছিল। ২৪ ঘণ্টা পর রাজভবনের অনুমোদনে তাঁরই নাম পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব হিসেবে ঘোষণা করল নবান্ন। রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ পন্থ? এই আমলার পরিচয় কী? আগে কোন কোন দায়িত্ব সামলেছেন? নবান্ন তাঁর নাম ঘোষণার পরই এইসব প্রশ্ন নিয়ে জল্পনা শুরু হয়।
১৯৯১ সালের এই আইএএস অফিসার আদতে উত্তরাখণ্ডের বাসিন্দা। জিওলজিতে স্নাতকোত্তর। ১৯৯৩ সালে আইএএস হিসেবে প্রথম কাজ পূর্ব মেদিনীপুরে (তখন ছিল অবিভক্ত মেদিনীপুর)। এসডিএম হিসেবে দায়িত্ব পান। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলার দায়িত্ব পান। মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার মতো দুই জেলার জেলাশাসকের দায়িত্ব সামলেছেন।
২০০৯ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব পদে যোগ দেন। ২০১১ সালের ১১ অক্টোবর পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এরপরে বিশ্বব্যাঙ্কের সদর কার্যালয় ওয়াশিংটনে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন। বছর তিনেক সেখানে ছিলেন।
এই খবরটিও পড়ুন
২০১৪ সালে পশ্চিমবঙ্গে ফিরে আসেন মনোজ পন্থ। জৈব প্রযুক্তি দফতরের যুগ্ম সচিব পদে যোগ দেন। সামলেছেন ভূমি দফতর। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন প্রায় দু’বছরের কাছাকাছি। শুক্রবার, ৩০ অগস্ট তাঁকে সেচ দফতরের সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর একদিন পরই তিনি হলেন রাজ্যের মুখ্যসচিব।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)