রাজ চুপ, RG Kar নিয়ে একহাত শুভশ্রীর! বললেন, ‘এই যে বিচার পেলাম না…’ – Bengali News | Subhashree ganguly wants justice for rg kar, raised up her voice
আরজি কর কাণ্ড নিয়ে সরব শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেমেছেন রাজপথেও, দিয়েছেন স্লোগানও। সম্প্রতি তিনি গিয়েছিলেন ‘বাবলি’র প্রচারে। সেখানেও গিয়ে তিনি যা বললেন তাতে কি খানিক অস্বস্তিতে ‘বিধায়ক’ রাজ? ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই খোদ নেটিজেনরাই তুলেছেন প্রশ্ন। রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি ‘বাবলি’ মুক্তি পেয়েছে আরজি কর আবহেই। সেই ছবির প্রচারে এসেই শুভশ্রীকে বলরে শোনা যায়, “আরজি করের ঘটনা ভীষণ নিন্দনীয়। আমি এর বিচার চাই। তাই আনন্দে খুব একটা মেতে না উঠে আসুন আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই যে একটা সুন্দর সুস্থ সমাজ আমরা গড়ে তুলব।”
এখানেই থামেননি তিনি। ন্যায়বিচার পেতে কেন এত দেরি হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। যোগ করেন, “এই যে এখনও বিচার পেলাম না তার জন্য আমরা পথে নামব, আন্দোলন করে যাব যে কেন এখনও পেলাম না। সবাই সবার মতো করে আন্দোলন করুন। উই ওয়ান্ট জাস্টিস।” পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর তৃণমূল বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী। যদিও ভাইরাল ভিডিয়োতে রাজকে চুপ থাকতেই দেখা গিয়েছে। বরং অনেক বেশি সরব শুভশ্রী। সরাসরি বিচারব্যবস্থার দিকে আঙুল উঠিয়ে তাঁর প্রশ্ন, “কবে মিলবে ন্যায়?”
প্রসঙ্গত, কিছু দিন আগেই টলিপাড়ার তরফে আয়োজন করা হয়েছিল এক প্রতিবাদ মিছিলের। সেই মিছিলে সামনের সারিতে জাস্টিস ধ্বনি দিতে দিতে হাঁটতে দেখা গিয়েছিল শুভশ্রীকে। সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তীও।