পাসে হবে না, ট্রেনের টিকিট কাটতেই হবে RPF-GRP-কে, বড় নির্দেশ – Bengali News | RPF, GRP Also Have to buy Ticket to Travel in Train, Duty Pass not Valid, Says Ahmedabad Railways Tribunal Court
নয়া দিল্লি: রেলেরই কর্মী। তাহলে ট্রেনে চড়তে আবার টিকিট কীসের? ডিউটি পাস দিয়েই ট্রেনে চাপেন আরপিএফ, জিআরপির কর্মীরা। কিন্তু এবার সুখের দিন শেষ। আরপিএফ, জিআরপি কর্মীদেরও ডিউটিতে যাওয়ার সময় ট্রেনের টিকিট কাটতেই হবে। এমনটাই নির্দেশ দিল রেলওয়ে ট্রাইব্যুনাল।
রেলওয়ে ট্রাইব্যুনালের তরফে একটি মামলার শুনানিতেই বড় সিদ্ধান্ত জানানো হল। এক আরপিএফ কনস্টেবলের ক্ষতিপূরণের আবেদন খারিজ করে, রেলওয়ের তরফে সাফ জানানো হয়, রেল পুলিশদেরও ট্রেনে যাত্রার সময় বৈধ টিকিট কাটতে হবে। খালি পরিচয়পত্র দেখালে হবে না।
রেলওয়ে ট্রাইবুন্যালের আহমেদাবাদ বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। ডিউটিতে থাকাকালীন রেল দুর্ঘটনায় এক আরপিএফ কর্মীর পা বাদ যায়। তিনি লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন। সেই মামলার তদন্তেই জানা যায়, ওই রেলকর্মী বৈধ টিকিট কাটেননি। পরিচয়পত্র দেখিয়ে ট্রেনে উঠেছিলেন।
জানা গিয়েছে, ওই রেলকর্মী ২০১৯ সালের ১৩ নভেম্বর সুরাট রেলওয়ে থানায় গিয়েছিলেন। তিনি সুরাট-জামনগর ট্রেনে সুরাট থেকে ভারুচ ফিরছিলেন। দুর্ঘটনাবশত পালেজ স্টেশনে পড়ে যান। তাঁর বা পায়ে গুরুতর চোট লাগেএবং পায়ের একটি অংশ কেটে ফেলতে হয়।
ওই আরপিএফ কর্মী এরপরই রেলের বিরুদ্ধে মামলা করেন। ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করেন। সেই মামলারই শুনানিতে রেলওয়ে ট্রাইব্যুনালের তরফে বলা হয়, বৈধ টিকিট না থাকায়, ওই আরপিএফ কর্মীকে ট্রেনের যাত্রী হিসাবে গণ্য করা যায় না। সরকারিভাবে যাত্রী হিসাবে নথিভুক্ত হওয়ার জন্য টিকিট থাকা বাধ্যতামূলক। শুধুমাত্র পাস দেখিয়ে ট্রেনে চড়া যাবে না।
ট্রাইব্যুনালের তরফে রেলওয়ের উদাসীন মনোভাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বৈধ প্রমাণের অভাবে আবেদনকারীকে প্রকৃত ভ্রমণকারী হিসাবে বিবেচনা করা যাবে না।