PARIS 2024: প্যারিসে ঘুরে দাঁড়ালেন বাংলার মেয়ে, আর্চারির শেষ আটে অঙ্কিতা – Bengali News | Paris Olympics 2024: Ankita Dhiraj enter mixed team archery quarterfinals
প্যারিস: টানা ব্যর্থতা নিয়ে চলছিল আলোচনা। টিম ইভেন্ট ও ব্যক্তিগত ইভেন্ট থেকে কার্যত কিছুই করতে পারেননি ভারতীয় আর্চাররা। একমাত্র দীপিকা কুমারীতে কিছুটা মুখ রক্ষা হয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন ভারতের ছেলে-মেয়েরা। আর্চারির মিক্সড টিম ইভেন্টের শেষ আটে অঙ্কিতা ভকত ও ধীরাজ বোমাদেভারা। ইন্দোনেশিয়ার টিমকে ২-০ সেটে হারালেন তাঁরা। হাওয়ার সঙ্গে যুঝতে না পেরে অন্য ইভেন্টগুলোয় পারফর্ম করতে পারছিলেন না। মিক্সড টিম ইভেন্টে কিন্তু অঙ্কিতা আর ধীরাজ চমকে দিলেন।
চার সেটের ম্যাচে ৫ পয়েন্ট তুলতে হয় ম্যাচ জেতার জন্য। ভারতীয় মিক্সড টিম তৃতীয় সেটেই তুলে নিলেন ৫ পয়েন্ট। প্রথম সেটটা তাঁরা জিতলেন ৩৭-৩৫। দ্বিতীয় সেট ৩৮-৩৮এ ড্র। পরের সেটটা আবার ভারতের ছেলে-মেয়ে জিতলেন ৩৮-৩৭। বাংলার মেয়ে হলেও অঙ্কিতা ঝাড়খণ্ডের হয়ে খেলেন। অলিম্পিকে কিন্তু তিনি নিজেকে মেলে ধরলেন। তিনটে সিরিজে মোট ৩টে ১০ মেরেছেন অঙ্কিতা। প্রথম সিরিজে দুটো শট ৯ ও ৯। কিন্তু সেটে আবার তাঁর ধনুক থেকে বেরোয় ৯ ও ১০। তৃতীয় সিরিজে সেই তিনি কিন্তু পর পর দুটো শটই মারেন ১০ ও ১০। তিনি এমন পারফর্ম করায় আর ইন্দোনেশিয়ার আর্চাররা দাঁড়াতে পারেননি। চাপ মুখে পড়েই ছিটকে গেলেন তাঁরা।
এশিয়ান গেমসের মিক্সড টিম ইভেন্ট থেকেও ব্রোঞ্জ এনেছিল এই জুটি। অঙ্কিতার মতোই ধীরাজও সেরাটাই দিয়েছেন। দু’জনেই পার্টনারদের ভালো করেই চেনেন। তবে কোয়ার্টার ফাইনালে আরও কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হবে। তার জন্য অঙ্কিতা ও ধীরাজ তৈরি। ৭০ মিটার দূরত্ব থেকে লক্ষ্যভেদের স্বপ্নপূরণ করতে মরিয়া ভারতের ছেলে-মেয়ে।