Weather Update: ফের রোদের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গে, ধোঁকা দিয়ে চলে গেল না তো বর্ষা? – Bengali News | Monsoon has arrived, says the Meteorological Department, but when will it rain in South Bengal
কলকাতা: বর্ষা ঢুকেছে বঙ্গে। কিন্তু বৃষ্টির দেখা নেই। উল্টে রোদের দাপটে এখনও পুড়ছে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। কবে হবে বৃষ্টি? ঘুরছে প্রশ্নটা। যদিও হাওয়া অফিস বলছে, দ্রুত দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে মৌসুমী বায়ু পা রাখেনি সেগুলিতেও পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা আরও শক্তি বাড়াচ্ছে বলে জানা যাচ্ছে। দ্রুত সেটি নিম্নচাপেও পরিণত হতে পারে।
আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে শুধু বৃষ্টি নয়, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। তবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
এই খবরটিও পড়ুন
শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। তবে মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।