বাজারের ব্যাগে শিশুকে ঢুকিয়ে দত্তপুকুর লোকালে মহিলা, নড়াচড়া করতেই সন্দেহ যাত্রীদের, বিরাটি স্টেশনে নামিয়ে তুলে দেওয়া হল GRP-র হাতে – Bengali News | In Duttapukur Sealdah Local One Woman Accused To Child trafficking Birati Station
বিরাটি: সাত সকালে বিরাটি স্টেশনে তুলকালাম কাণ্ড। চলন্ত ট্রেনে মহিলার হাতে মিলল ব্যাগবন্দি শিশু। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার অভিযোগ। পরে বিরাটি স্টেশনে নামিয়ে জিআরপি-র হাতে তুলে দিলেন বাকি মহিলারা। সন্দেহ হওয়ায় ইতিমধ্যেই ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিআরপি।
বুধবার সকালের ঘটনা। জানা গিয়েছে, দত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন ওই মহিলা। তাঁর হাতে ছিল একটি বাজারের ব্য়াগ। তবে যাত্রীদের সন্দেহ হয় যখন তাঁরা দেখেন বাজারের ব্যাগটি নড়াচড়া করছে। এরপরই কয়েকজন মহিলা অভিযুক্তকে জিজ্ঞাসা করেন ব্যাগের ভিতর কী রয়েছে। প্রথমে অস্বীকার করলেও পরে দেখাতে বাধ্য হন তিনি।
আর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় বাকি যাত্রীদের। বাজারের ব্য়াগের মধ্যে রয়েছে শিশু। এরপরই অভিযুক্ত মহিলাকে ট্রেনের ভিতরেই গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে। উত্তেজনা তৈরি হয় মহিলা কামরায়। ট্রেনটি বিরাটি স্টেশনে পৌঁছলে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।