Skeleton: দিনে-দুপুরে জাতীয় সড়ক থেকে উঠে এল নরকঙ্কাল, কী হচ্ছে বর্ধমানে? - Bengali News | Skeleton came up from the national highway, what is happening in Burdwan - 24 Ghanta Bangla News
Home

Skeleton: দিনে-দুপুরে জাতীয় সড়ক থেকে উঠে এল নরকঙ্কাল, কী হচ্ছে বর্ধমানে? – Bengali News | Skeleton came up from the national highway, what is happening in Burdwan

Spread the love

জামালপুর: দেশের ব্যস্ততম জাতীয় সড়ক গুলির মধ্যে অন্যতম ১৯ নম্বর জাতীয় সড়ক। বর্তমানে এই রাস্তারই পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। কাজ হচ্ছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায়। কিন্তু, কে জানত সেখানেই মাটি খুঁড়তে গিয়ে উঠে আসবে একেবারে নরকঙ্কাল। শুনতে অবাক লাগলেও এদিন এমনই ছবি দেখা গেল ওই এলাকায়। ভয়ে চিৎকার করে উঠলেন শ্রমিকরা। জমল কৌতূহলী জনতার ভিড়। এল পুলিশ। 

কিন্তু, কঙ্কালটি ওই জায়গায় কোথা থেকে এল, কী কারণে মৃত্যু হয়েছিল, কারা রাখতে পারে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এর পিছনে কোনও গভীর রহস্য রয়েছে কিনা তা নিয়েও বাড়ছে চাপানউতোর। স্থানীয় সূত্রে খবর, এদিন ওই এলাকায় জেবিসি দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল। তখনই ওই জায়গায় মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান শ্রমিকেরা। খবর পেতেই স্থানীয় লোকজনও ওই এলাকায় ভিড় জমান। 

পুলিশ এসে কঙ্কালের ১০ থেকে ১২টি অংশ সোজা জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে চলে যান। সেখানে চিকিৎসকেরা সবটা খতিয়ে দেখেন। তাঁদের অনুমান এটা মানুষেরই কঙ্কাল। এমনকী ১০ থেকে ১২ বছরের পুরনো। যদিও আরও নিশ্চিত হতে উদ্ধার হওয়া কঙ্কালের অংশ বৃহস্পতিবার ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে চলেছে পুলিশ। একইসঙ্গে মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা কাটাতে চাইছেন তদন্তকারীরা। 

এই খবরটিও পড়ুন

স্থানীয় লোকজন বলছেন, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যে জায়গায় হচ্ছে তার কাছেই রয়েছে একটা শ্মশান। পাশে রয়েছে একটা পুকুর, ইটভাটা। ওই পুকুরটিতেও বর্তমানে সংস্কারের জন্য মাটি কাটা হচ্ছে। সেখান থেকে কঙ্কাল উঠে আসেনি তো? এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। সব মিলিয়ে কঙ্কাল ঘিরে রহস্য ক্রমেই বেড়ে চলেছে। এখন দেখার ফরেন্সিক রিপোর্ট কী বলে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *